‘সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় তথ্যবিনিময়ে ঘাটতি ছিল’

সৌদি আরবের মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় তথ্যবিনিময়ে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যবিনিময়ে ঘাটতি রয়েছে। কেন এ ঘাটতি, তা খতিয়ে দেখতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘যে অভিযোগ বা অপরাধের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা বাংলাদেশের জন্য হতাশাজনক। পবিত্র মক্কায় মানুষ ধর্মীয় ও পবিত্র উদ্দেশ্য নিয়ে যান। সেখানে এ ধরনের ঘটনা ঘটলে তা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘না, রায় তো কার্যকর হয়ে গেছে। হয়ে গেলে তো আর এটার সুযোগ থাকে না। এখন আমরা দেখব, এ ঘাটতিটা কোথায়।’
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের পরিচয় গণমাধ্যমের খবরে এসেছে। কোনো বাংলাদেশি বিদেশে অপরাধে জড়ালে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে বাংলাদেশকে জানানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। এতে কনস্যুলার সেবা দেওয়ার সুযোগ থাকে।’
তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের, বিশেষ করে প্রধানমন্ত্রীর, ভালো ও গভীর সম্পর্ক। বাংলাদেশ ও সৌদি আরব জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ।’
