‘অসমাপ্ত আত্মজীবনী’ কেনার কথা বলে হট্টগোল, পুলিশি হস্তক্ষেপে নিষ্পত্তি

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর বাংলাবাজারে প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিক্রয়কেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানটির দুই কর্মীকে ধরে পুলিশ ফাঁড়িতে নেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানান সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। তিনি বলেন, আটক দুই কর্মীকে থানায় আনা হয়নি; ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়ার পর সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ইউপিএলের বিক্রয়কর্মীরা জানান, কয়েকজন ব্যক্তি বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে গিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চান। কর্মীরা তাদের বইটি দেখালে তারা সেটিকে ‘নিষিদ্ধ’ দাবি করে এটি কেন বিক্রি করা হচ্ছে, তা জানতে চান।
এ নিয়ে একপর্যায়ে বিক্রয়কেন্দ্রে হট্টগোল শুরু হয় এবং আশপাশের লোকজনও সেখানে জড়ো হন। পরে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে ইউপিএলের দুই কর্মীকে ধরে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, দুই পক্ষের সঙ্গে কথা বলার পর পুলিশ ওই দুই কর্মীকে ছেড়ে দিয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
ইউপিএলের সম্পাদনা বিভাগের পরিচালক ফিরোজ আহমেদ বলেন, কয়েকজন ব্যক্তি বিক্রয়কেন্দ্রে এসে ‘আক্রমণাত্মক আচরণ’ করেন এবং ‘অসমাপ্ত আত্মজীবনী’কে নিষিদ্ধ বই দাবি করে এর বিপণন বন্ধের কথা বলেন। তিনি জানান, বইটি নিষিদ্ধ নয়। এরপরও ওই ব্যক্তিরা দোকানের শাটার বন্ধ করে ইউপিএলের দুই বিক্রয়কর্মীকে হয়রানি করেন।
এদিকে লিখিত এক বিবৃতিতে ইউপিএল ঘটনাটিকে ‘অপ্রত্যাশিত’ উল্লেখ করে জানায়, কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং সংশ্লিষ্টদের তা জানাতে হয়। ‘অসমাপ্ত আত্মজীবনী’র ক্ষেত্রে এমন কোনো সরকারি বা আদালতের সিদ্ধান্তের কথা তাদের জানা নেই বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ইউপিএল বলেছে, দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ায় বইটি নিষিদ্ধ করলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
প্রকাশনা প্রতিষ্ঠানটি আরও জানায়, বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন বই নিয়ে তাদের চাপের মুখে পড়তে হয়েছে। তবে প্রকাশক হিসেবে নিজেদের নীতিমালা অনুসরণ করে তারা এ ধরনের চাপ যথাসম্ভব উপেক্ষা করেছে।
বিবৃতিতে ইউপিএল দাবি করে, অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ।
সূত্র: বিডিনিউজ
