বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপালের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নেপালে বিধ্বংসী বন্যায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন এবং যাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রইল। এই চরম বিপদের সময়ে নেপালের যেকোনও প্রয়োজনীয় সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি।’
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন অঞ্চলে অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকশ মানুষ। হতাহত ও নিখোঁজদের বড় একটি অংশ পর্যটক বলে জানা গেছে।
দুর্যোগকবলিত এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধান ও আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংস্থা। ক্ষতিগ্রস্তদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধারকাজে বাধার মুখে পড়ছেন কর্মীরা।
নিখোঁজ মানুষের সংখ্যা বেশি হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



