logo

পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক

পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক
ড. মুহাম্মদ ওসমান ফারুক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিএনপির কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে সরে দাঁড়ান। তার পদত্যাগের কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর তিনি এ পদত্যাগপত্র পাঠান। চিঠিতে গত শনিবার (১৪ নভেম্বর) থেকে তার পদত্যাগ কার্যকর করার কথা উল্লেখ করেন এই এমপি।

Advertisement

পদত্যাগপত্রে ওসমান ফারুক বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আপনাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করছি। আপনি হয়তো ইতোমধ্যেই অবগত আছেন যে, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছি। এই পরিস্থিতিতে আমার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত গ্রহণ করা আমার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে আমি গভীরভাবে মর্মাহত। আমি আন্তরিকভাবে আশা করি, আমার এই সিদ্ধান্তে আপনি, জাতীয় সংসদে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় কিশোরগঞ্জবাসী হতাশ হবেন না।

ওসমান ফারুক বলেন, কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়। সেই সঙ্গে দায়িত্ব পালনকালে আপনার আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে গত ১৫ নভেম্বর থেকে।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ওসমান ফারুক একজন সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন।