ওসমান ফারুকের পদত্যাগে সংসদীয় আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

বিএনপির কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে সরে দাঁড়ান। তার পদত্যাগের কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২ এর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
এতে বলা হয়, জাতীয় সংসদের ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ৩০ কার্তিক ১৪৩৩/১৫ নভেম্বর ২০২৬ তারিখে পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে গত ১৫ নভেম্বর থেকে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে ই মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি তখন জানিয়ে সংসদ সচিবালয়ে তিনি চিঠিও দিয়েছিলেন।
তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে একটি ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন ওসমান ফারুক।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
ওসমান ফারুক একজন সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন।


