বাহরাইনে আবারও হামলা চালাল ইরান

বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেমে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এই হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর শত্রুতামূলক তৎপরতা মোকাবিলা করার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে উপসাগরীয় দেশটিতে মার্কিন রাডার সিস্টেম লক্ষ্য করে ইরানের দাবি করা বেশ কয়েকটি হামলার মধ্যে এটিই সর্বশেষ ঘটনা।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য হুমকির আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসাধারণকে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। যে কোনো খবরের জন্য সরকারি সংবাদমাধ্যম ও চ্যানেলগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে শেখ ঈসা বিমানঘাঁটিতে আইআরজিসির ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানায়, ‘সতর্কতামূলক ব্যবস্থাগুলো এখনও বহাল রয়েছে’ এবং তারা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের আইআরজিসি শেখ ঈসা বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় সেসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বাহরাইনের সামরিক বাহিনী।
সর্বশেষ গত ১৫ নভেম্বর দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা আইআরজিসি। ওই দিন ভোরে বাহরােইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানায় ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ।
সূত্র: আলজাজিরা, এএফপি
(2)-6182f1.jpg)
