logo

টার্মিনাল নেই, তবুও সিএনজির টোল আদায়ে ইজারা দিচ্ছে পৌরসভা

টার্মিনাল নেই, তবুও সিএনজির টোল আদায়ে ইজারা দিচ্ছে পৌরসভা
সিএনজি অটোরিকশার জন্য নির্দিষ্ট টার্মিনাল না থাকায় শেরপুর শহরের বিভিন্ন সড়কের পাশে ও ফুটপাতে গাড়ি রাখা হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ার শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা রাখার নির্ধারিত কোনো টার্মিনাল নেই। অথচ একটি ট্রাক টার্মিনালকে সিএনজি স্ট্যান্ডসহ বাস-ট্রাকের টার্মিনাল দেখিয়ে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে পৌরসভা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশার মালিক ও চালকেরা। তাদের অভিযোগ, পার্কিংয়ের জায়গা না দিয়েই টোল আদায়ের ব্যবস্থা করা হচ্ছে। এতে একদিকে তাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে, অন্যদিকে সড়কের পাশে গাড়ি রাখায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এ অবস্থায় সিএনজি অটোরিকশা রাখার স্থায়ী জায়গা নির্ধারণ না করা পর্যন্ত টার্মিনালের নামে টোল আদায়ের ইজারা বন্ধ রাখার দাবি জানিয়েছেন মালিক-চালকেরা। এ দাবিতে রোববার (১৫ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন তারা।

Advertisement

আবেদনের তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর একটি স্থানীয় দৈনিক পত্রিকায় পৌর টার্মিনাল ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ধুনট রোড মোড়কে বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশার টার্মিনাল হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সরেজমিনে পরিস্থিতি ভিন্ন বলে দাবি মালিক-চালকদের।

তাদের দাবি, ধুনট মোড়ে প্রায় ১০ থেকে ২০ শতক জায়গার একটি খোলা স্থান রয়েছে, যা দীর্ঘদিন ধরে ট্রাক রাখার কাজে ব্যবহৃত হচ্ছে। সেখানে সিএনজি অটোরিকশা রাখার জন্য আলাদা কোনো জায়গা নেই। ফলে ইজারা বিজ্ঞপ্তিতে টার্মিনাল হিসেবে উল্লেখ থাকলেও সিএনজি চালকদের গাড়ি রাখার বাস্তব কোনো সুযোগ নেই। জায়গার অভাবে চালকেরা ধুনট মোড়ের মহাসড়কের দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে, তৈরি হচ্ছে যানজট এবং বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরাও।

বগুড়া জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখসহ কয়েকশ মালিক-চালক ওই আবেদনে স্বাক্ষর করেছেন। তারা জানান, আগে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে সিএনজি রাখার জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে তারা নিয়মিত ইজারার টাকা দিয়ে আসছিলেন। কিন্তু দীর্ঘদিনেও পার্কিংয়ের জায়গা পাননি।

এখন গাড়ি রাখার জন্য কেউ ব্যক্তিমালিকানাধীন জমি ভাড়া নিয়েছেন, কেউ আবার সড়কের পাশের ফুটপাত ব্যবহার করছেন। তাদের ব্যবহৃত পাঁচটি জায়গার মধ্যে রয়েছে ধুনট রোড মোড়ের ট্রাক টার্মিনাল থেকে প্রায় এক কিলোমিটার দূরের কলেজ রোড, রণবীরবালা ঈদগাহ মাঠ, শেরপুর বাসস্ট্যান্ডে সিএমবি অফিসের দক্ষিণ পাশে গফুর ভান্ডারের জায়গা, মোহনা শপিং সেন্টারের সামনের ফুটপাত এবং ধুনট মোড়ের খাদ্যগুদামের উত্তর পাশে আঞ্চলিক সড়কের ফুটপাত।

মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ বলেন, পৌরসভায় সিএনজি অটোরিকশার জন্য স্থায়ী টার্মিনাল ও পার্কিংয়ের জায়গা নিশ্চিত করতে হবে। জায়গার ব্যবস্থা না করে টার্মিনালের নামে ইজারা দেওয়া এবং টোল আদায় করা অযৌক্তিক। তাই পার্কিংয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইজারা ও টোল আদায় বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু বলেন, আগেও একই পদ্ধতিতে সিএনজি টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর আগের নিয়ম অনুসরণ করেই ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তবে এ নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট