logo

ঠাকুরগাঁওয়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা

ঠাকুরগাঁওয়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
উপচে পড়া ভিড় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে। ছবি : এশিয়া পোস্ট

১৯৮৭ সালে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল। ১৯৯৭ সালের জুলাইয়ে ১৮টি শিশুশয্যাসহ এটি ১০০ শয্যায় উন্নীত হয়। এরপর ২০২০ সালের মার্চে ১০০ শয্যার এই হাসপাতালে নতুন ১৫০ শয্যার সাততলা ভবন উদ্বোধনের মাধ্যমে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় এবং ১৮ শয্যার শিশু ওয়ার্ডটিকে উন্নীত করা হয় ৪৫ শয্যায়।

বর্তমানে হাসপাতালে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ শিশু রোগী ভর্তি থাকে। তবে গত কয়েক দিন ধরে ঠান্ডা ও শীত বাড়ায় শিশু ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা আরও বেড়েছে। শয্যাসংকটের কারণে অধিকাংশ অভিভাবককে তাদের শিশুদের নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডের বারান্দা কিংবা মেঝেতে অবস্থান করতে হচ্ছে।

Advertisement

শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যাও তরতর করে বাড়ছে। ফলে এই বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও সদরের খোচাবাড়ি থেকে ৮ মাসের মেয়েকে নিয়ে আসা মর্জিনা বেগম বলেন, আমার মেয়ের ডায়রিয়া ও পাতলা পায়খানা। গত তিন দিন ধরে কোনো সিট পাইনি, তাই মেঝেতেই কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি একটি সিটেই দুই থেকে তিন শিশুকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে।

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে দেড় বছরের ছেলে আদনানকে নিয়ে মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন বৃষ্টি আক্তার। তিনি বলেন, দুই দিন ধরে আমার ছেলের নিউমোনিয়া। ডাক্তার এখানে ভর্তি করিয়েছেন। সিট তো দূরের কথা, মেঝেতেও সবাই গাদাগাদি করে আছে। কয়েক দিন ধরে এত ঠান্ডা যে নিচে বসে থাকাও কঠিন, কিন্তু ছেলের অসুস্থতার জন্যই এই কষ্ট সহ্য করতে হচ্ছে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে সন্তানকে চিকিৎসা করাতে আসা ওবায়েদুর রহমান বলেন, রংপুর বা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের তুলনায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কাছে হওয়ায় আমি মেয়েকে এখানে নিয়ে এসেছি। কয়েক দিন ধরে মেয়ের ডায়রিয়া। এখানকার চিকিৎসার মান ভালো, তবে শয্যাসংকট রয়েছে। তাই বাধ্য হয়ে মেঝে বা বারান্দায় শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে।

শিশু ওয়ার্ডের নার্স হামিদা খাতুন বলেন, শীত এলে এমনিতেই শিশু ওয়ার্ডে রোগীর চাপ থাকে; তবে গত কয়েক দিন ধরে ঠান্ডা বেশি পড়ায় রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বর্তমানে প্রায় তিন শতাধিক শিশু ভর্তি রয়েছে। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে পা ফেলারও জায়গা নেই। হাসপাতালটিতে শয্যা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত জনবল বাড়ানোও জরুরি, তা না হলে সেবা নিতে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সাজাদুর রহমান শাহিন বলেন, শিশু ওয়ার্ডটি ৪৫ শয্যায় উন্নীত হলেও সেই তুলনায় জনবল সংকট রয়েছে। সেবার মান আরও বাড়াতে জনবল বাড়ানো প্রয়োজন। তবুও আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের বাইরে কম বের হতে দিতে হবে, শরীর ঘেমে গেলে পরনের কাপড় পরিবর্তন করে দিতে হবে এবং পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তাহলে শিশুরা কিছুটা হলেও রোগমুক্ত থাকবে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ বলেন, শীতের শুরু এবং গরমের শুরুর সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের এখানে শিশু রোগীর সংখ্যা বেড়ে যায়। এই হাসপাতালে শিশুসেবার মান ভালো হওয়ায় আশপাশের জেলার অনেক অভিভাবক তাদের শিশুদের এখানে নিয়ে আসেন।

এ কারণেই এখানে সব সময় শিশু রোগীর চাপ থাকে। আমাদের অভিজ্ঞ শিশু চিকিৎসকেরা রোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শিশু ওয়ার্ডে প্রতি শিফ্টে ৫ জন করে নার্স নিয়মিত সেবা দিচ্ছেন। তবে শয্যার তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় অতিরিক্ত রোগীদের গাদাগাদির মধ্যেই চিকিৎসাসেবা দিতে হচ্ছে।