কেন সন্ধ্যায় শিশুদের ঘরে আটকে রাখতে বলেছেন মহানবী (সা.)

শিশুর সুষ্ঠু সুন্দর বেড়ে ওঠা আগামী পৃথিবীর জন্য আশীর্বাদ। বিশুদ্ধ ও পবিত্র শিক্ষার আলোয় বড় হওয়া শিশুই আগামী পৃথিবীর উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জাদুকর। শিশুর মনস্তাত্ত্বিক উত্তম বিকাশই সুন্দর দেশ গঠনের চাবি। শিশুর প্রতি অবহেলা ও অনাদর আনাগত দিনের জন্য অভিশাপ।
শিশুকে আদর, আপ্যায়ন, ভালোবাসা ও উত্তম আদর্শে বড় করে তোলা মানুষের নৈতিক দায়িত্ব। হজরত মুহাম্মদ (সা.) শিশুদের সঙ্গে উত্তম ও কোমল আচরণ করতেন। নৈতিকতা ও উত্তম কথা শিক্ষা দিতেন। আদর করতেন। চুমো খেতেন। মসজিদে নিয়ে যেতেন। নামাজের প্রশিক্ষণ দিতেন। বাহনে চড়াতেন। কৌতুক করতেন। তাদের সুষ্ঠু ও নিরাপদ জীবন কামনা করতেন সবসময়। তাদের সঙ্গে কোমল আচরণের জন্য সাহাবিদের আদেশ দিয়েছেন তিনি। তিনি শিশুদের সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন।
রাসুলুল্লাহ (সা.) শুধু দৃশ্যমান বিপদ থেকেই নয়, অদৃশ্য অনিষ্ট থেকেও শিশুদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। এর একটি হলো সন্ধ্যা নেমে এলে বা রাতের প্রথম প্রহরে শিশুদের ঘরের ভেতরে রাখা।
সন্ধ্যা ঘনিয়ে এলে শয়তান ও দুষ্টু জিনেরা সদলবলে জমিনে ছড়িয়ে পড়ে এবং বিভিন্নভাবে মানুষের অনিষ্ট করার চেষ্টা করে। বিশেষত শিশু ও নারীরা বেশি শিকার হয়। বদনজর, বদ আসর ও ভয়ভীতি বিভিন্ন মাধ্যমে এ ক্ষতি করে তারা। তাই সময়টি খুব ঝুঁকিপূর্ণ। শিশুদের এ সময় ঘর থেকে বের হতে দিতে বারণ করেছেন নবী (সা.)।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন রাতের আঁধার নেমে আসবে বা বলেছেন যখন সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমরা তোমাদের শিশুদের (ঘরে) আটকে রাখবে। কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে, তখন তাদের ছেড়ে দিতে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩১২৮)
