ঢাকার আশপাশের এলাকা বিচ্ছিন্ন করার পরিকল্পনা, গোয়েন্দা নজরদারিতে যারা

রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুর এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জকে ঘিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সহিংস কার্যক্রমে নামার প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। এই লকডাউন ঘিরে অন্তত ২৯টি জেলায় মাঠে নামার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই মধ্যে এসব এলাকায় সম্ভাব্য অবরোধ, ঝটিকা মিছিল ও শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়িয়েছে। গত নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ, খুলনাসহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এরই মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় সহিংস কার্যক্রমে নামার তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এই পরিপ্রেক্ষিতে নজরদারিও বাড়িয়ে সংস্থাগুলো।
গাজীপুরে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও আল রিয়াদ-আদনান অন্তর
গাজীপুরের টঙ্গী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অনুসারী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে সংগঠনটির দৃশ্যমান তৎপরতা খুব বেশি না থাকলেও ডিসেম্বরকে সামনে রেখে নিজেদের অবস্থান জানান দেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ ক্ষেত্রে অন্তর ও তার অনুসারীদের মাঠে নামানোর পেছনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভূমিকা রয়েছে বলেও দাবি করা হচ্ছে।
শ্রীপুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নাসির মোড়ল
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসির মোড়লের নামও সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতার আলোচনায় এসেছে। ১৯ নভেম্বরকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের বাইরে বড় ধরনের কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি।
এ ক্ষেত্রে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রীপুরের কয়েকটি এলাকায় দায়িত্ব বণ্টনের কথা জানা গেছে। এসব কর্মকাণ্ডে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনার বিষয়েও অভিযোগ উঠেছে। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া নাসির মোড়লের অনুসারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও ভিডিও বার্তায় ডিসেম্বরের কর্মসূচিকে সামনে রেখে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান দেখা গেছে। কোথাও কোথাও থানা ঘেরাওয়ের মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আড়াইহাজারে নজরুল ইসলাম বাবুর অনুসারীরা
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকাকেও সম্ভাব্য রাজনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর অনুসারীদের মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চলছে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক রাজনৈতিক নেতাদের অনুসারীদের ভূমিকা নিয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী ওয়ালীউল্লাহ গ্রেপ্তার হওয়ার পর তার স্থানে আড়াইহাজারের আলী হোসেন চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রূপগঞ্জে তরুণ সাংগঠনিক সম্পাদকের তৎপরতা
রূপগঞ্জও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। রাজধানীর প্রবেশপথ এবং বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় সম্ভাব্য অবরোধ, বিশৃঙ্খলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেখানে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
পুলিশ-প্রশাসনেও বেড়েছে গোয়েন্দা নজরদারি
এ দিকে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, সরকারের ভেতরেই অস্বস্তির কারণ হয়ে উঠেছেন কিছু কর্মকর্তা। পুলিশের কিছু কর্মকর্তার পাশাপাশি সচিবালয়ের ভেতর থেকেও কয়েকজন কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারিও বেড়েছে।
তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, তথ্য সরবরাহ, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার। শিগগিরই কয়েক জেলা প্রশাসক (ডিসি) পদেও পরিবর্তন আনা হতে পারে।


