মিরপুরে সড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধ

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়কে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। একই সঙ্গে মজুরি বোর্ডের সভা স্থগিতের দাবি জানিয়েছেন তারা। শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মিরপুরের পল্লবী এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকদের একটি বড় অংশ বাড়ি ফিরে গেলেও অনেকে রাস্তায় অবস্থান নেন।
বিক্ষোভকারী শ্রমিকরা মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে জড়ো হয়ে তাদের দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ পর্যন্ত উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে শ্রমিকদের আন্দোলন ঘিরে ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও মোতায়েন রয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানিয়েছেন, অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।




