মাথায় বলের আঘাতে মারা গেলেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার

ফুটবল মাঠে প্রতিপক্ষের একটি সাধারণ ক্লিয়ারেন্স যে কারও মৃত্যুর কারণ হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি উপস্থিত কেউ। কিন্তু আর্জেন্টিনার একটি যুব ফুটবল ম্যাচে ঘটেছে এমনই মর্মান্তিক ঘটনা। প্রতিপক্ষের খেলোয়াড়ের জোরালো শট মাথায় লেগে গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন তরুণ ফুটবলার আবেল নুনিয়েস।
হাসপাতালে অস্ত্রোপচার করা হলেও বাঁচানো যায়নি তাকে। ২০০৮ সালে জন্ম নেওয়া এই ফুটবলারের মৃত্যুতে শোক নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আয়োজিত যুব প্রতিযোগিতার পঞ্চম বিভাগের ম্যাচে দুর্ঘটনাটি ঘটে। বুয়েনস এইরেস প্রদেশের হোসে সি পাস এলাকায় ক্লাব অ্যাটলেটিকো লা সোনিয়ার মাঠে দেপোর্তিভো মুনিসের মুখোমুখি হয়েছিল এফসি এজেইজা। যুব ‘সি’ বিভাগের কোপা দে প্লাতা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের ম্যাচ ছিল এটি।
ম্যাচের প্রায় ২০ মিনিটের মাথায় ঘটে দুর্ঘটনাটি। মুনিসের এক ডিফেন্ডার প্রতিপক্ষের চাপের মুখে নিজেদের রক্ষণভাগ থেকে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন। কিন্তু তার জোরে মারা বলটি সরাসরি নুনিয়েসের মাথায় লাগে। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন এজেইজার ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার। এরপর আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না তাঁর।
ঘটনাটি খুব কাছ থেকে দেখেছিলেন আর্জেন্টিনার যুব ফুটবল নিয়ে কাজ করা সাংবাদিক ক্রিস্তিয়ান রোমপানি। প্রায় তিন দশক ধরে দেশটির বয়সভিত্তিক ফুটবল কাভার করছেন তিনি। সেদিনও মাঠে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার সময় বসেছিলেন মুনিসের দলের চিকিৎসকের পাশেই।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়েকে রোমপানি বলেন, ‘ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও উত্তপ্ত ছিল না। মুনিসের একজন ডিফেন্ডার চাপে পড়ে বল ক্লিয়ার করেন। সেটিই ছিল তার সামনে একমাত্র উপায়।’
এরপর শটের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে যুব ফুটবল দেখছি। এমন জোরালো শট আগে কখনো দেখিনি। বলটি খুব বেশি ওপরে ওঠেনি। মাত্র চার-পাঁচ মিটার দূরেই আবেলের মাথায় আঘাত করে।’
আঘাত পাওয়ার পর নুনিয়েসের অবস্থা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। রোমপানির ভাষ্য অনুযায়ী, তরুণ ফুটবলারটি সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান। তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না। দুই দলের ফুটবলাররাই দ্রুত চিকিৎসকদের মাঠে প্রবেশের জন্য অনুরোধ করতে থাকেন।
রোমপানি বলেন, ‘মুহূর্তটা ছিল ভীষণ বিশৃঙ্খল। চিকিৎসক হাঁটু গেড়ে বসে তাকে পরীক্ষা করেন। নড়াচড়া করাননি। পরে জানতে চাইলে চিকিৎসক বলেছিলেন, ছেলেটি অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছিল।’
তবে মাঠে তখন অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল না বলে জানিয়েছেন এই প্রত্যক্ষদর্শী। তার ভাষ্য অনুযায়ী, যুব ‘সি’ বিভাগের ম্যাচগুলোতে চিকিৎসক থাকলেও সাধারণত অ্যাম্বুলেন্স থাকে না। নুনিয়েসের অবস্থা গুরুতর বুঝতে পেরে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। এর মধ্যেই তাকে হাসপাতালে নেওয়ার জন্য একটি ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করেন এজেইজার কর্মকর্তারা।
রোমপানির দাবি, ঘাড় স্থির রাখার প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় শুরুতে নুনিয়েসকে সরাতে দ্বিধায় ছিলেন চিকিৎসক। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর জরুরি অস্ত্রোপচার করা হয় তরুণ এই ফুটবলারের। রোমপানির দেওয়া তথ্য অনুযায়ী, মাথার খুলিতে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল তার। তবে অস্ত্রোপচারের পরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
দুর্ঘটনার পরপরই ম্যাচটি স্থগিত করা হয়। পাশাপাশি পরবর্তী সময়ে অনুষ্ঠেয় ষষ্ঠ বিভাগের ম্যাচটিও বাতিল করে আয়োজকেরা।
এদিকে নুনিয়েসের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা প্রকাশ করে এফসি এজেইজা। ক্লাবটির পক্ষ থেকে সমর্থক, সতীর্থ, কোচ ও কর্মকর্তাদের তার জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার (১৫ নভেম্বর) মারা যান তিনি।
প্রথমে মৃত্যুর খবর নিশ্চিত করে নুয়েভা এস্ত্রেইয়া। এরপর আনুষ্ঠানিক বিবৃতিতে নুনিয়েসের মৃত্যুর কথা জানায় এফসি এজেইজাও।
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘ক্লাব হিসেবে আমাদের জন্য সবচেয়ে কঠিন সংবাদটি জানাতে হচ্ছে। গভীর বেদনায় এমন একজন তরুণকে বিদায় জানাচ্ছি, যার সামনে পুরো জীবন পড়ে ছিল।’
বিবৃতিতে আরও জানানো হয়, এমন শোকের মুহূর্তে ফুটবল অনেক পেছনে চলে গেছে। ক্লাবের পরিবারের অংশ হয়ে থাকা স্বপ্নবাজ এক তরুণকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। নুনিয়েসের পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
চলতি বছরের শুরুতেই এফসি এজেইজার যুব দলে যোগ দিয়েছিলেন নুনিয়েস। তবে তার ফুটবলজীবন শুধু এই ক্লাবেই সীমাবদ্ধ ছিল না। ২০২৪ সাল থেকে বুয়েনস এইরেসের নুয়েভা এস্ত্রেইয়া ক্লাবের ফুটসাল রিজার্ভ দলেও খেলতেন তিনি।
নুনিয়েসের মৃত্যুর খবর পাওয়ার পর রোববারের সব ক্রীড়া কার্যক্রম বাতিল করে নুয়েভা এস্ত্রেইয়া। এর মধ্যে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে নির্ধারিত ফুটসাল ম্যাচও ছিল। প্রতিপক্ষ ক্লাবটিও তরুণ ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।
নুয়েভা এস্ত্রেইয়ার বিবৃতিতে বলা হয়, ‘আজ কোনো ম্যাচ কিংবা ফলাফলের গুরুত্ব নেই। আজ শোক আমাদের সবাইকে এক করেছে। আবেল সব সময় আমাদের পরিবারের অংশ হয়ে থাকবে।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তরুণ এই ফুটবলারের মৃত্যুতে সমবেদনা জানানো হয়েছে। শোক জানিয়েছেন সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়াও।

