‘রোমারিও খুব বেশি কথা বলেন’, সমালোচনার জবাব আনচেলত্তির

জাপানের কাছে হারের পর কার্লো আনচেলত্তিকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। শুধু সমালোচনাতেই থামেননি, ইতালিয়ান কোচকে অবিলম্বে বরখাস্ত করার দাবিও জানিয়েছিলেন তিনি। এবার সেই আক্রমণের জবাব দিলেন আনচেলত্তি। রোমারিওর সমালোচনা করার অধিকার আছে বলে মেনে নিলেও তার বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিল কোচ। এমনকি ১৯৯৪ বিশ্বকাপজয়ী তারকাকে বেশি কথা বলার খোঁচাও দিয়েছেন তিনি। তবে পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি নিজের কাজেও ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে সোমবার (১৬ নভেম্বর) সিঙ্গাপুরে সংবাদ সম্মেলনে রোমারিওর সমালোচনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন আনচেলত্তি। জবাবে ৬৭ বছর বয়সী এই কোচ স্পষ্ট জানিয়ে দেন, কারও মত প্রকাশের স্বাধীনতায় তার আপত্তি নেই। তবে সবাই যা বলেন, তা সঠিক হবে এমনও নয়।
আনচেলত্তি বলেন, ‘গণতান্ত্রিক দেশে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। রোমারিও অন্য সবার মতোই নিজের মত দিয়েছেন। এটা তার অধিকার। যে কেউ সত্য, মিথ্যা কিংবা আজেবাজে কথা বলতে পারেন। আসল কথা হলো, রোমারিও অনেক কথা বলেন। সেটাও তার অধিকার।’
আনচেলত্তির এমন মন্তব্যের পেছনে রয়েছে গত শনিবারের ঘটনা। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরে যায় ব্রাজিল। ম্যাচের শুরুতেই দুই গোল হজম করলেও ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফিরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর গোলে শেষ পর্যন্ত হারতে হয় তাদের।
সেই হারের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আনচেলত্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রোমারিও। ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার বর্তমানে দেশটির সিনেটরও।
আনচেলত্তিকে উদ্দেশ করে রোমারিও লেখেন, ‘আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যাও। তোমার ইতিহাস নিয়ে কারও প্রশ্ন নেই। তুমি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ। কিন্তু সেসব অর্জন ক্লাব ফুটবলে। ব্রাজিল জাতীয় দলে এখন পর্যন্ত তুমি কিছুই দেখাতে পারোনি। আমরা আর সহ্য করতে পারছি না।’
শুধু আনচেলত্তিকেই নয়, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদকেও আক্রমণ করেন রোমারিও। ইতালিয়ান কোচকে অবিলম্বে বরখাস্ত করে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
সিবিএফ সভাপতির উদ্দেশে রোমারিও লেখেন, ‘সামির, তুমি তরুণ, ব্রাজিলিয়ান এবং আমি বিশ্বাস করি, তুমি আমাদের ফুটবলের ভালো চাও। কিন্তু এখন সাহস দেখানোর সময়। আনচেলত্তিকে বরখাস্ত করো। জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি আমরা নিতে পারি না। এখনই ব্যবস্থা নিতে হবে।’
রোমারিওর এমন কঠোর সমালোচনার জবাব দিলেও নিজের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন আনচেলত্তি। বরং ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে স্বীকার করেছেন তিনি।
ইতালিয়ান কোচ বলেন, ‘এটি আমার জন্য নতুন কাজ। আমরা যা করছি, সেটি আমার ভালো লাগে। তবে আমার মূল্যায়ন হলো, এখন পর্যন্ত তা যথেষ্ট নয়। আমাকে আরও বেশি কিছু করতে হবে এবং আমি তা করব। এখানে কাজ করতে ভালো লাগে, জাতীয় দলের দায়িত্ব পালন করতে ভালো লাগে। আমি চাই ব্রাজিল আবার বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক দল হয়ে উঠুক।’
২০২৫ সালের জুনে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি দলটি। শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এরপর নতুন করে দল গড়ার প্রক্রিয়া শুরু করেছেন ইতালিয়ান এই কোচ।
তবে সেই কাজ যে সহজ নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন আনচেলত্তি। তার মতে, একদিকে তরুণ ফুটবলারদের পরীক্ষা করা, অন্যদিকে প্রতিটি ম্যাচে ভালো ফল করা কঠিন। নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে গেলে দলকে কিছুটা সময় দিতেই হবে।
আনচেলত্তি বলেন, ‘এখন আমরা খেলোয়াড়দের পরীক্ষা করছি। গ্যাব্রিয়েল বন্তেম্পো, আন্দ্রে, জোনাথন জেসুসের মতো ফুটবলারদের সুযোগ দিচ্ছি। তাদের মূল্যায়ন ইতিবাচক। কিন্তু একই সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা চালানো, দল পুনর্গঠন করা এবং পুরোপুরি প্রস্তুত দল পাওয়া সম্ভব নয়।’
জাপানের বিপক্ষে হারের পর ব্রাজিলের রক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে। আনচেলত্তি নিজেও মনে করেন, আক্রমণভাগের তুলনায় রক্ষণে আরও বেশি উন্নতি প্রয়োজন।
তার কথায়, ‘জাপানের বিপক্ষে কিছু বিষয় পরিষ্কার হয়েছে। আক্রমণের চেয়ে রক্ষণে আমাদের আরও বেশি উন্নতি করতে হবে। তবে ভবিষ্যতে শক্তিশালী একটি দল গড়ে তোলার পথে আমরা সঠিকভাবেই এগোচ্ছি।’
সিঙ্গাপুরের বিপক্ষে বছরের শেষ ম্যাচ দিয়েই খেলোয়াড় পরীক্ষা-নিরীক্ষার বর্তমান পর্ব শেষ করতে চান আনচেলত্তি। এরপর নতুন বছরের প্রতিযোগিতাগুলো সামনে রেখে অপেক্ষাকৃত স্থায়ী একটি দল গড়ার পরিকল্পনা রয়েছে তার।
এদিন সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণভাগের পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। শুরু থেকেই খেলবেন ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও ও এন্দ্রিক। আরেক তরুণ রায়ানকে মাঝমাঠে পরীক্ষা করার কথাও জানিয়েছেন তিনি।
জাপানের বিপক্ষে লাল কার্ড দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য ডাগআউটে থাকতে পারবেন না আনচেলত্তি। ম্যাচের শেষ দিকে জাপানের জয়সূচক গোলের আগে ফাউলের দাবি নিয়ে প্রতিবাদ করায় তাঁকে লাল কার্ড দেখান রেফারি। একই ঘটনায় লাল কার্ড দেখেন অধিনায়ক রাফিনিয়াও।
ফলে মঙ্গলবারের ম্যাচে আনচেলত্তির পরিবর্তে ডাগআউট থেকে দল পরিচালনা করবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি। রাফিনিয়ার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন ব্রুনো গিমারায়েস।
আনচেলত্তির অধীনে এটি হবে ব্রাজিলের ২২তম ম্যাচ। আগের ২১ ম্যাচে ১২ জয়, চার ড্র ও পাঁচ পরাজয়ের অভিজ্ঞতা হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়ে বছর শেষ করার সুযোগ থাকলেও ইতালিয়ান কোচের সামনে বড় চ্যালেঞ্জ নতুন প্রজন্মকে নিয়ে আবারও ধারাবাহিক সাফল্যের পথে ফেরা।




