logo

কুমিল্লায় মালিক-শ্রমিক সমঝোতায় খুলছে ডেনিম কারখানা

কুমিল্লায় মালিক-শ্রমিক সমঝোতায় খুলছে ডেনিম কারখানা
ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড কারখানা। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার চান্দিনার বেলাশহর এলাকার ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড নামের পোশাক কারখানাটি মালিক-শ্রমিক সমঝোতায় আবারও চালু হচ্ছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে কারখানাটির সব সেকশনে উৎপাদন কার্যক্রম শুরুর কথা রয়েছে। একই সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে ২৫ সদস্যের শ্রমিক প্রতিনিধিদলের প্রায় ৪০ মিনিটের বৈঠক শেষে কারখানা চালুর সিদ্ধান্ত হয়। বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন ও কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কারখানা কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে জানানো হয়, মালিক ও শ্রমিকদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১৭ নভেম্বর থেকে কারখানার সব সেকশন পুনরায় চালু করা হবে। এ জন্য সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে নিজ নিজ কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কারখানার পরিচালক মো. আলমগীর হোসেন জানান, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

কারখানার শ্রমিক মৌসুমি বলেন, বেতন নিয়ে অনিশ্চয়তার কারণে দুশ্চিন্তায় আছি। কারখানা বন্ধ হয়ে গেলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। আলোচনা শেষে কারখানা চালু ও বেতন পরিশোধের আশ্বাস পাওয়ায় এখন স্বস্তিতে আছি।

আরেক শ্রমিক তানিয়া বলেন, কারখানার কাজ বন্ধ থাকলে শ্রমিকদের পাশাপাশি তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও সমস্যায় পড়েন। তাই কারখানা চালুর সিদ্ধান্তে আমরা খুশি। ভবিষ্যতে যেন বেতন নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি না হয়, সে প্রত্যাশাও জানান তিনি।

এর আগে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের সময়সীমা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিক আন্দোলনের আশঙ্কায় রোববার সকালে কারখানার প্রধান ফটকে ৩০ দিনের বন্ধের নোটিশ টানায় কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়েছিল, শ্রমিকেরা কাজে যোগ দিলে ৩০ নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হবে। অন্যথায় ১৪ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ায় কারখানাটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।