logo

দেশজুড়ে ৪ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ শুরু

দেশজুড়ে ৪ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ শুরু
ছবি : এশিয়া পোস্ট কোলাজ

সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসক সংকট নিরসনে চার হাজারের বেশি নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

Advertisement

সংসদ সদস্য শাম্মী আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পদ শূন্য থাকা এবং পদায়নের পরই ডেপুটেশনে শহরে চলে আসার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বদলি বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চান।

জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদের বিপরীতে বর্তমানে ছয় হাজার ৭৪৮টি পদে চিকিৎসক কর্মরত আছেন এবং ছয় হাজার ২৮৮টি পদ শূন্য রয়েছে। শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে ইতোমধ্যেই চার হাজারের অধিক চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তিনি বলেন, নবনিযুক্ত চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোয় পদায়ন করা হয়। চাকরিকাল দুই বছর পূর্তির আগে কোনো চিকিৎসককে বদলি বা ডেপুটেশনে পদায়ন করা হয় না। সরকারি বিধিমালার আলোকেই কেবল দুই বছর পূর্তির পর চিকিৎসকরা উচ্চশিক্ষার জন্য ডেপুটেশন বা শিক্ষাছুটিতে যান।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন এই নিয়োগ সম্পন্ন হলে তৃণমূল পর্যায়ে চিকিৎসকের শূন্য পদের সংকট অনেকাংশেই কেটে যাবে।