Advertisement

এক্সিম ব্যাংকের দায়িত্ব বুঝে নিল সম্মিলিত ইসলামী ব্যাংক

এশিয়া পোস্ট নিউজ
এক্সিম ব্যাংকের দায়িত্ব বুঝে নিল সম্মিলিত ইসলামী ব্যাংক
ছবি : সংগৃহীত

প্রশাসক থেকে এক্সিম ব্যাংকের দায়-সম্পদ বুঝে নিল সম্মিলিত ইসলামী ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক্সিম ব্যাংকের প্রশাসক মো. শওকাতুল আলম আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির ব্যবসায়িক ও পরিচালনাগত (অপারেশনাল) দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এক্সিম ব্যাংকসহ একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের লাইসেন্স বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেগুলো থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে। এরপর পর্যায়ক্রমে এক্সিম ব্যাংকের মতো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের দায়-সম্পদও সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগসহ সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ প্রমাণ করছে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বাজারে ছড়িয়ে পড়া গুঞ্জনের কোনো ভিত্তি নেই। পুনর্গঠন পরিকল্পনা নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।

এদিকে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের সুবিধা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত নীতিমালা অনুযায়ী, পরিবারের সদস্যদের চিকিৎসা, শিক্ষা এবং আমানতকারীর হজ পালনের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংক সংশোধিত স্কিম ঘোষণা করবে।