সরবরাহ কম, ২ সপ্তাহে ডলারের দাম বেড়েছে প্রায় আড়াই টাকা

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলাবাজারেও বেড়েছে মার্কিন ডলারের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় খোলাবাজারে প্রতি ডলারের দাম ১৩০ টাকা ছাড়িয়েছে। গত দুই দিন (২৪-২৫ নভেম্বর) ধরে নগদ ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে। যদিও মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত দাম ১২৯ টাকা ৫০ পয়সা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) থেকেই ১৩০ টাকা ৫০ পয়সার নিচে কোথাও নগদ ডলার পাওয়া যাচ্ছে না। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ডলারের দাম ছিল ১৩০ টাকার নিচে। দুই সপ্তাহ আগেও খোলাবাজারে প্রতি ডলার কেনা-বেচা হয়েছিল ১২৮ টাকার আশপাশে।
খোলা বাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়েছে। ব্যাংকগুলো এখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলার কিনছে ১২৫-১২৬ টাকা দরে।
অন্যদিকে, আমদানির জন্য ডলার বিক্রি করছে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সা পর্যন্ত দরে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ছে।
অন্যদিকে, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত গতি না থাকায় ডলারের সরবরাহে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীদের যাতায়াত কমে যাওয়ায় খোলাবাজারে নগদ ডলারের সরবরাহও কমেছে।
মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী নগদ ডলার না পাওয়ায় অনেক গ্রাহক খোলাবাজারের ওপর নির্ভর করছেন। এতে হঠাৎ করে খোলাবাজারে ডলারের চাহিদা বেড়েছে। সরবরাহ কম থাকায় বিক্রেতারাও বেশি দামে ডলার বিক্রি করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের এই ব্যবধান এবং নগদ ডলারের সরবরাহে ঘাটতি বাজারে বাড়তি চাপ তৈরি করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানো জরুরি।



