বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বৃদ্ধি করতে পারে এমন প্রত্যাশা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। মূলস্ফীতি নিয়ে উদ্বেগও মূল্যবান এই ধাতুর ওপর চাপ তৈরি করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৫৬৫ ডলার ৪১ সেন্টে দাঁড়ায়।
তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের আগাম চুক্তির দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৫৬৩ ডলার ৯০ সেন্টে ওঠে। এর আগে বুধবার ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো স্বর্ণের দাম সাময়িকভাবে মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে যায়।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, স্পট মার্কেটে স্বর্ণের দাম তিন হাজার ডলারের মাঝামাঝি পর্যায়ের কাছাকাছি সমর্থনমূল্য পরীক্ষা করছে। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর চক্র শেষের দিকে, বাজারে এমন ধারণা তৈরি না হওয়া পর্যন্ত স্বর্ণের দামে স্থায়ীভাবে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম।
তিনি আরও বলেন, স্বর্ণের দরবৃদ্ধির পক্ষে থাকা বিনিয়োগকারীরা আপাতত চাপের মুখে থাকবেন। তবে বৈশ্বিক আর্থিক বাজারে নতুন করে ঝুঁকি এড়ানোর প্রবণতা তৈরি হলে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়তে পারে। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক স্বর্ণ কেনাও দামকে সমর্থন দিতে পারে।
বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। অক্টোবরে অন্তর্নিহিত মূল্যচাপের একটি সূচক গত বছরের একই সময়ের তুলনায় ২০২৩ সালের শেষভাগের পর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এতে আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
তিন বছর বিরতির পর গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছিল ফেডারেল রিজার্ভ। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে কোনো সুদ বা মুনাফা না দেওয়া এই ধাতুতে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
(2)-6182f1.jpg)


