চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে একজন ব্যক্তি চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়াও ডাকযোগে পরিচালিত শিক্ষাক্রমের আওতায় নিয়মিত একাডেমিক পড়াশোনার জন্যও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশে চিকিৎসার জন্য একজন ব্যক্তির অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদনের প্রয়োজন হবে না। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। ফলে বিদেশে চিকিৎসা নিতে ইচ্ছুক ব্যক্তিদের ডলার সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হবে।
বিদেশে পড়াশোনার খরচও পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আগে স্কুল পর্যায়ে পড়াশোনার জন্য বিদেশে অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হতো। নতুন নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নিজেরাই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর পড়াশোনার খরচ পাঠানোর আগে ব্যাংককে এ বিষয়ে নিশ্চিত হতে হবে।
এ ছাড়া ডাকযোগে বা পত্রযোগে পরিচালিত শিক্ষাক্রমের (করেসপন্ডেন্স কোর্স) জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগও বাড়ানো হয়েছে। আগে এ ধরনের শিক্ষাক্রমের আওতায় সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অর্থ পাঠানো যেত। নতুন নির্দেশনায় নিয়মিত একাডেমিক পড়াশোনাকেও এ সুযোগের আওতায় আনা হয়েছে।
ফলে এখন থেকে এ ধরনের শিক্ষাক্রমের খরচ পরিশোধেও অনুমোদিত ডিলার ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখার ক্ষেত্রেও নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী কোনো নাগরিক বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এনে আরএফসিডি হিসাবে জমা রাখতে চাইলে তা অবশ্যই কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজে-এর মাধ্যমে ঘোষণা করতে হবে। অর্থাৎ কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষণা করা বৈদেশিক মুদ্রাই এ ধরনের হিসাবে জমা রাখার যোগ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানো ও সম্প্রসারণের পরিপ্রেক্ষিতে আরএফসিডি হিসাবে অর্থ জমার ক্ষেত্রে এ শর্ত আরোপ করা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনা কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিবিধানের সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

