Advertisement

স্বর্ণের মূল্য কীভাবে নির্ধারণ করা হয়, জানাল বাজুস

এশিয়া পোস্ট ডেস্ক
স্বর্ণের মূল্য কীভাবে নির্ধারণ করা হয়, জানাল বাজুস
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম নির্ধারণ নিয়ে ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

Advertisement

রোববার (১৬ আগস্ট) বাজুসের নির্বাহী সচিব খালেদ আকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কোনো ব্যক্তির এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে সোনা আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার ওপর ভিত্তি করেই দেশে সোনার দাম সমন্বয় করা হয়।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দ্রুততম সময়ে স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়। আবার আন্তর্জাতিক বাজারে দাম কমলে সে অনুযায়ী দেশের বাজারেও সোনার দাম কমানো হয় বলে জানিয়েছে বাজুস।

সোনার মূল্য নির্ধারণ ও তদারকির জন্য বাজুসে ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বর্তমানে এই কমিটিই দেশে সোনার দাম নির্ধারণ ও তা তদারকের বিষয়টি পরিচালনা করছে বলে জানিয়েছে সংগঠনটি।

ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই বাজুস এই ব্যাখ্যা দিয়েছে।