টানা দুই দফায় যত বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম উঠানামা করে। দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ টানা দুইবার বাড়ানো হলো স্বর্ণের দাম।
এর আগে, টানা তিন দফা স্বর্ণের দাম কমানোর পর গত ১২ সেপ্টেম্বর বাড়ানো স্বর্ণের বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এর এক সপ্তাহ না যেতেই আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম। এই দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে মোট ২ হাজার ৭৪১ টাকা।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১২ সেপ্টেম্বর একই মানের স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা করা হয়েছিল।
অর্থাৎ ১২ সেপ্টেম্বরের আগের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা থেকে এক সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা।
দুই দফায় ১ হাজার ৫৭৪ টাকা বেড়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকায়।
দুই দফায় ১ হাজার ৩৪২ টাকা বেড়ে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকায় দাঁড়িয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দামও দুই দফায় বেড়েছে ১ হাজার ১০৮ টাকা। ১২ সেপ্টেম্বর ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা থেকে বেড়ে ১৯ সেপ্টেম্বর এ দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
সর্বশেষ ঘোষণায় স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ১৯ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হবে।
এর আগে ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত ছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৫ হাজার ১৬ টাকা।


