logo

বিদেশ যেতে বিনা জামানতে ঋণ দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক, পাবেন যেভাবে

বিদেশ যেতে বিনা জামানতে ঋণ দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক, পাবেন যেভাবে
প্রবাসী কল্যাণ ব্যাংক। ছবি: বাসস

বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে আগ্রহীদের সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ ঋণ পেতে আবেদনকারীকে অন্তত দুজন গ্যারান্টার বা জামিনদার দিতে হবে। বার্ষিক ৯ শতাংশ সুদে এ ঋণ পাওয়া যায়। গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় তিন বছর।

শুধু বিদেশগামী কর্মীদের জন্যই নয়, বিদেশফেরত কর্মী, প্রবাসীদের পরিবারের সদস্য এবং বিদেশে কর্মরত ব্যক্তিদের জন্যও বিভিন্ন ধরনের ঋণসুবিধা রয়েছে। বিদেশফেরত কর্মীরা দেশে ফিরে ব্যবসা বা প্রকল্প গড়ে তুলতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন।

Advertisement

একই পরিমাণ ঋণ পাওয়ার সুযোগ রয়েছে প্রবাসীদের পরিবারের সদস্যদের ব্যবসা ও কৃষি উদ্যোগের ক্ষেত্রেও। এ ছাড়া বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছর থেকে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত মোট ৩ লাখ ৪ হাজার ৩০০ জনকে ৬ হাজার ৪৯০ কোটি ৪ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। ঋণ বিতরণের দিক থেকে এগিয়ে রয়েছে টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। অন্যদিকে সবচেয়ে কম ঋণ পেয়েছেন বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝালকাঠি ও ভোলার মানুষ।

ব্যাংকটির বিভিন্ন ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে অভিবাসন ঋণ, নারী অভিবাসন ঋণ, পুনর্বাসন ঋণ, নারী পুনর্বাসন ঋণ, অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিশেষ দক্ষতা অর্জন ঋণ, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) ঋণ এবং পল্লী ও কৃষি ঋণ। ঋণের ধরন অনুযায়ী সুদের হার, জামানত, পরিশোধের সময়সীমা ও প্রয়োজনীয় কাগজপত্র আলাদা।

বিদেশে চাকরি নিয়ে যেতে আগ্রহীদের প্রাথমিক খরচ মেটাতে অভিবাসন ঋণ দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক। এর সর্বোচ্চ পরিমাণ তিন লাখ টাকা। বার্ষিক সুদের হার ৯ শতাংশ। গ্রেস পিরিয়ডসহ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। এ সময় শেষ হওয়ার পর মাসিক সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হয়।

ঋণ পেতে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আবেদনকারী ও জামিনদারকে সংশ্লিষ্ট ব্যাংক শাখার আওতাভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের খেলাপি হলে এ ঋণ পাওয়া যাবে না।

ঋণ নিতে প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরমটি বিনামূল্যে পাওয়া যায়। আবেদনের সঙ্গে আবেদনকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা এবং বিএমইটির কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তবে রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে বিএমইটি কার্ড বাধ্যতামূলক নয়। লেবার কন্ট্রাক্ট পেপারও বাধ্যতামূলক নয়।

এ ছাড়া আবেদনকারীর নিজের সচল ব্যাংক হিসাব থাকতে হবে। ওই হিসাবের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা এবং ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে হবে। ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট শাখায় অন্তত ৫০০ টাকা জমা দিয়ে একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে।

অভিবাসন ঋণের জন্য ন্যূনতম দুজন জামিনদার প্রয়োজন। তাদের একজন হতে হবে আর্থিকভাবে সচ্ছল এবং ঋণ পরিশোধে সক্ষম ব্যক্তি। তার নিজের নামে অথবা একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে সচল ব্যাংক হিসাব থাকতে হবে। জমা দিতে হবে তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা, ব্যাংক হিসাবের বিবরণী এবং আয়ের উৎস বা পেশার প্রমাণ।

দ্বিতীয় জামিনদার হতে পারবেন আবেদনকারীর পরিবারের সদস্য অথবা নিকটতম আত্মীয়। উভয় জামিনদারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি করে ছবি এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।

রি-এন্ট্রি ভিসায় বিদেশ যেতে চাইলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ, বিদেশে কর্মসংস্থানের প্রমাণ এবং বিদেশযাত্রার আনুষঙ্গিক ব্যয়ের বিবরণ দিতে হবে। এ ক্ষেত্রে নিয়োগপত্র, কর্মসংস্থান চুক্তি, ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট, বেতন স্লিপ, বিমান টিকিট কেনার রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে।

ব্যাংকের নিয়ম অনুযায়ী, ঋণের বিপরীতে শূন্য দশমিক ৫০ শতাংশ প্রসেসিং ফি এবং সমপরিমাণ ডকুমেন্টেশন ফি দিতে হবে। উভয় ফির ওপর ভ্যাট প্রযোজ্য। এ ছাড়া প্রতি লাখ টাকার জন্য ৯০০ টাকা ঝুঁকি আচ্ছাদন স্কিমের ফি দিতে হয়।

স্ট্যাম্প খরচ হিসেবে ১০ টাকা মূল্যের ১৬টি রেভিনিউ স্ট্যাম্প এবং প্রত্যেক জামিনদারের জন্য ১০০ টাকা মূল্যের তিনটি অ্যাডহেসিভ স্ট্যাম্প প্রয়োজন। যথাযথ কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে ঋণসেবা দেওয়ার কথা।

ব্রুনাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রংপুরের বাসিন্দা গোপাল চন্দ্র শীল। বিদেশ যাওয়ার খরচ মেটাতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

গোপাল চন্দ্র শীল এশিয়া পোস্টকে বলেন, ‘আমি ব্রুনাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবছি। ইতিমধ্যেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছি। বিদেশ যাওয়ার সব কাগজপত্র হাতে পেলে ঋণের জন্য আবেদন করব।’

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগম এশিয়া পোস্টকে বলেন, ‘বিদেশগামী কর্মীদের সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে। এ জন্য দুজন জামিনদার প্রয়োজন। তবে তাদের সরকারি চাকরিজীবী হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।’

তিনি বলেন, ‘প্রবাসীদের ঋণের টাকা পরিশোধ সহজ করতে অগ্রণী ব্যাংক ও সিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিইএফটিএন সংযোগ চালুর প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। এটি চালু হলে প্রবাসীরা সরাসরি ব্যাংকের মাধ্যমে ঋণের টাকা পাঠাতে পারবেন।’