২২ জেলায় ৫৭ প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদপ্তর

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসি, বেকারি ও হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দেশের ২২ জেলায় ৫৭টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অধিদপ্তরের ২৯টি দল একযোগে ঢাকা মহানগরসহ দেশের ২২ জেলায় এ অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধে এ অভিযান চালানো হয়। পাশাপাশি নকল ও ভেজাল পণ্য বিক্রি এবং হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়গুলোও তদারকি করা হয়।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মজুত থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন ভোজ্যতেলের মান ও তদারকি কার্যক্রম জোরদারের একটি প্রকল্পের আওতায় রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী ও শহীদ ফারুক সড়ক এলাকায় খোলা ভোজ্যতেল বিক্রির ওপর বিশেষ তদারকি চালানো হয়। এতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শিল্প মন্ত্রণালয় এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা অংশ নেন।


