শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৪৯ হাজার কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট উত্থাপন করেন।
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এবারের বাজেট মোট জিডিপির ২ শতাংশ। এটিকে ৫ শতাংশে উন্নিত করার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে শুধু একটি সেবা খাত হিসেবে নয়, বরং একটি বিনিয়োগ হিসেবে দেখছে। সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, শিক্ষা খাতে এই বিনিয়োগের পরিমাণ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, তা অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই বলে জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই লক্ষ্য পূরণে শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ ব্যবহারের মাধ্যমে তরুণ প্রজন্মকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আরও জানান, এই বিশাল বিনিয়োগের সুফল যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেজন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক শিক্ষা কাঠামো গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।



