logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

দেশে স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবার বাড়বে?

বিবিসি বাংলা
বিবিসি বাংলা
দেশে স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবার বাড়বে?
ছবি : বাসস

এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। দরপতনের ধারাবাহিকতায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন অনেকে। তবে দাম আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে তা নিয়ে ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগের দিন শুক্রবার এক ভরিতে দাম কমেছিল প্রায় ১১ হাজার টাকা।

Advertisement

চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম বাড়তে বাড়তে প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি পৌঁছেছিল। জানুয়ারিতে ২২ ক্যারেট স্বর্ণের ভরি সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা পর্যন্ত ওঠে। এরপর গত অক্টোবরের মাঝামাঝি থেকে দেশের বাজারে দাম কমতে শুরু করে, যা নভেম্বরেও অব্যাহত রয়েছে।

শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম কমেছে। বিশ্ববাজারের দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে একই হারে কমবে, এমন নিশ্চয়তা নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

দেশে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং আন্তর্জাতিক বাজারের দর, দেশের বুলিয়ন বাজারে পাকা স্বর্ণের দামসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করে।

বাজুসের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ভ্যাটসহ ছিল ১৮ হাজার ৬৫৫ টাকা। রোববার (২২ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৬ হাজার ৭১৫ টাকা। অর্থাৎ, এক সপ্তাহে প্রতি গ্রামে দাম কমেছে ১ হাজার ৯৪০ টাকা।

শুক্রবার এক দিনেই ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। ওই দিন ২১ ক্যারেট স্বর্ণের দামও ভরিতে ১ লাখ ৯২ হাজার টাকার কিছু বেশি ছিল। পরদিন রোববার ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে কমেছে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দামও।

বাজুসের স্বর্ণের দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারের দামসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে দেশের বুলিয়ন বাজারে পাকা স্বর্ণের দাম অনুযায়ী স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়।

তার মতে, দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক বেশি ছিল। খনি থেকে উত্তোলিত স্বর্ণের উৎপাদন খরচ ও বাজারদরের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছিল। আন্তর্জাতিক বাজারে বড় বিনিয়োগকারীদের কেনাবেচার কারণে দাম ব্যাপকভাবে ওঠানামা করেছে।

তিনি বলেন, স্বর্ণের কাঁচামালের দাম কমলে গহনার দামও কমিয়ে সমন্বয় করা হয়। আবার কাঁচামালের দাম বাড়লে অলংকারের দাম বেড়ে যায়।

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা নিয়ে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, রোববারের দাম আপাতত স্থিতিশীল থাকতে পারে। তবে সোমবার সকালে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি দেখলে পরবর্তী কয়েক দিনের দামের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

দেশে পুরোনো স্বর্ণ কেনাবেচার নিয়মেও পরিবর্তন এনেছে বাজুস। রোববার থেকে পুরোনো গহনা বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর পুরোনো স্বর্ণ দিয়ে নতুন গহনা কিনলে ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ বাদ যাবে।

স্বর্ণের দাম দীর্ঘদিন বেশি থাকায় সাধারণ ক্রেতাদের অনেকেই গহনা কেনা থেকে বিরত ছিলেন। সাম্প্রতিক দরপতনে তারা আবার বাজারে ফিরবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।

দেওয়ান আমিনুল ইসলামের মতে, স্বর্ণের দাম কমলে ক্রেতাদের জন্য সুবিধা তৈরি হবে। একই সঙ্গে বিক্রিও বাড়বে, যা ব্যবসায়ীদের জন্য ইতিবাচক।

অর্থনীতিবিদদের মতে, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, যুদ্ধের আশঙ্কা ও ভূরাজনৈতিক সংকট দেখা দিলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেন। এতে স্বর্ণের দাম বাড়তে পারে। তবে ডলারের মূল্য ও সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের একাংশ স্বর্ণের বদলে ডলার বা সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করতে আগ্রহী হন। এতে স্বর্ণের দামে চাপ তৈরি হয়।

নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ডলারের দাম বাড়ার অর্থ হলো ডলারের বাজারে বিনিয়োগ বাড়ছে। এ প্রবণতা কিছু সময় চলতে পারে। পরে চাহিদা স্থিতিশীল হলে ডলারের দাম কমতে পারে।

তার মতে, ডলার ও স্বর্ণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। একটির দাম বাড়লে অন্যটির দাম কমার প্রবণতা দেখা যায়। তবে আন্তর্জাতিক বাজারের ওঠানামার পাশাপাশি বাংলাদেশের স্থানীয় বাজারের নানা সীমাবদ্ধতা, স্বচ্ছতার অভাব ও অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ও স্বর্ণের দাম নির্ধারণে ভূমিকা রাখে।

ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে তা সবসময় একই হারে প্রতিফলিত হয় না। আন্তর্জাতিক দরপতনের প্রভাব পড়লেও স্থানীয় বাজারের পরিস্থিতিও দামের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।