logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ইতিহাসের সর্বোচ্চ দাম থেকে স্বর্ণের রেকর্ড পতনের নেপথ্যে

ইতিহাসের সর্বোচ্চ দাম থেকে স্বর্ণের রেকর্ড পতনের নেপথ্যে
বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর বেশি করে স্বর্ণ কিনছে। ছবি: গেটি ইমেজ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ কমেছে মূল্যবান এই ধাতুর দাম। যুক্তরাষ্ট্রের বন্ডের মুনাফা বৃদ্ধি, ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার আরও বাড়ার আশঙ্কায় স্বর্ণের বাজারে এই মন্দাভাব তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল স্বর্ণের দাম। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলারে পৌঁছায়। তবে এরপর থেকেই দরপতন শুরু হয়। গত বুধবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম দাম এত নিচে নামল। জানুয়ারির সর্বোচ্চ দামের তুলনায় এটি প্রায় এক-তৃতীয়াংশ কম।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পণ্যবাজার গবেষণা বিভাগের বৈশ্বিক প্রধান সুকি কুপার বলেন, চলতি বছরের শুরুতে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করায় স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। এখন ভিন্ন কিছু কারণ একত্র হয়ে দাম কমিয়ে দিচ্ছে।

তার মতে, স্বর্ণ কখনো পণ্য হিসেবে, আবার কখনো মুদ্রার বিকল্প হিসেবে আচরণ করে। বাজারের পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে এর ভূমিকা পরিবর্তিত হয়।

কুপারের মতে, ২০২২ সাল থেকে স্বর্ণের চাহিদা বাড়তে শুরু করায় দাম বৃদ্ধির ভিত্তি তৈরি হয়। পরে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের ক্ষেত্র হিসেবে স্বর্ণকে নতুন করে বিবেচনা করতে শুরু করেন। সুদ না পাওয়া সম্পদ ধরে রাখার ব্যয় কমে যাওয়ায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবেও স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ে।

২০২৫ সালের শুরুর আগ পর্যন্ত দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে বিনিয়োগ তুলে নিচ্ছিলেন। এতে বাজারে স্বর্ণের সরবরাহ বেড়েছিল। তবে গত বছর পরিস্থিতি পাল্টে যায়। স্পিডিআর গোল্ড শেয়ারসসহ বিভিন্ন ইটিএফে প্রায় ৮০০ টন স্বর্ণ যুক্ত হয়।

বিশ্ব গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে স্বর্ণভিত্তিক ইটিএফে রেকর্ড ৮৯ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসে। এর নেতৃত্বে ছিল উত্তর আমেরিকা। এ সময় এসব তহবিলের মোট সম্পদের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে ৫৫৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

দরপতনের পেছনে যেসব কারণ

সুকি কুপারের মতে, দুর্বল ডলার, বন্ডের কম মুনাফা ও বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম বাড়ার ভিত্তি তৈরি করেছিল। বিনিয়োগকারীরাও স্বর্ণ কেনা অব্যাহত রেখেছিলেন।

স্কলার ফিন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের আর্থিক উপদেষ্টা ইভান মিলস বলেন, সুদের হার কম থাকা, আরও কমার প্রত্যাশা এবং ডলারের দুর্বল অবস্থান বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি আকৃষ্ট করেছিল। কিন্তু জানুয়ারির পর পরিস্থিতি বদলে যায়।

তার মতে, স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন আলোচনা জোরালো হয়। এরপর মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে স্বর্ণের বাজারে নতুন পরিস্থিতি তৈরি হয়। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের পরিবর্তে নগদ অর্থ সংগ্রহের সহজ উৎস হিসেবে এটি ব্যবহৃত হতে থাকে।

মিলস বলেন, সহজে বিক্রি করা যায় বলে বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহের জন্য স্বর্ণ বিক্রি করেন। এতে প্রথম দফায় বড় ধরনের দরপতন ঘটে। এরপর থেকে বাজারে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সিদ্ধান্তের প্রভাব পড়তে থাকে।

এ বছর ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর দিকেই বেশি ঝুঁকেছে বলে মনে করেন মিলস। এ সপ্তাহে ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানান।

মিলসের মতে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার ব্যয় বেড়েছে। বর্তমানে মানি মার্কেট ফান্ডে ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া সম্ভব। ফলে বিনিয়োগকারীদের কাছে নগদ অর্থ ধরে রাখা বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

তিনি বলেন, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দুষ্প্রাপ্যতা কমেনি। বরং স্বর্ণের বিকল্প বিনিয়োগগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। শেয়ারবাজার, বন্ড ও প্রচলিত বিনিয়োগের অন্যান্য মাধ্যম থেকে ভালো মুনাফার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে অনেকে স্বর্ণে বিনিয়োগ ধরে রাখার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবছেন।

স্বর্ণে বিনিয়োগে সতর্কতার পরামর্শ

স্বর্ণের দামে বড় পতন হলেও বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইভান মিলস। তার মতে, বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক বেশি ছিল। এক বছরে ২০ থেকে ৩০ শতাংশ মুনাফার আশা করার পর দাম কমতে শুরু করলে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়।

তিনি বলেন, স্বল্পমেয়াদি মুনাফার আশায় স্বর্ণ কেনা হলে তা বিনিয়োগের উপযুক্ত মাধ্যম নাও হতে পারে। তবে বিনিয়োগ পোর্টফোলিওর ঝুঁকি কমানোর জন্য স্বর্ণ গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে।

তার ভাষায়, স্বর্ণ হলো বিমার মতো, মুনাফা তৈরির ইঞ্জিন নয়। দাম অনেক বেড়ে যাওয়ার পর বিমা কেনাই বিনিয়োগকারীদের বড় ভুল।

তার মতে, যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের অংশ হিসেবে স্বর্ণ কিনেছেন, তাদের জন্য সাময়িক দরপতন খুব বেশি উদ্বেগের কারণ নয়। ডলারের দর কমলে কিংবা বৈশ্বিক বাজার ও ভূরাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি হলে স্বর্ণ সাধারণত ভালো করে।

তবে মরগ্যান স্ট্যানলির ধাতু ও খনিজ কৌশল বিভাগের প্রধান অ্যামি গোয়ার মনে করেন, চলতি বছরের দরপতনের পরও দীর্ঘমেয়াদে স্বর্ণ ধরে রাখার যথেষ্ট কারণ রয়েছে।

যুক্তরাষ্ট্রের মিন্টের সাবেক পরিচালক ও ইউএস মানি রিজার্ভের প্রেসিডেন্ট ফিলিপ ডিয়েলও স্বর্ণের দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে আশাবাদী।

তার মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ও ভূরাজনৈতিক জোটে আকস্মিক পরিবর্তন এবং ইরান যুদ্ধ স্বর্ণের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তবে ২০২৭ সালে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হতে পারে বলে তিনি আশা করছেন।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা অব্যাহত

বিশ্ববাজারে খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ কমলেও কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে। বিশ্ব গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গেল সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ ছিল সর্বোচ্চ। তবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে তাদের মোট কেনাকাটা ৭ শতাংশ কমেছে।

ব্যানকবার্ন ক্যাপিটাল মার্কেটসের ব্যবস্থাপনা অংশীদার ও প্রধান বাজার কৌশলবিদ মার্ক চ্যান্ডলার বলেন, উচ্চ সুদের হার স্বর্ণসহ সুদবিহীন সম্পদের আকর্ষণ কমিয়ে দিয়েছে।

তার মতে, স্বর্ণের দাম শেষ পর্যন্ত প্রতি আউন্স ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ ডলারের মধ্যে যেতে পারে।

তিনি আরও বলেন, বাজারের বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দরপতন শেষ হয়েছে, এমন কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাই বিনিয়োগকারীদের তাড়াহুড়া না করে বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত।

চ্যান্ডলারের মতে, গত দুই বছরের তুলনা বাদ দিলে এখনো অন্যান্য সম্পদের তুলনায় স্বর্ণের দাম অনেক বেশি।