logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ছাড়াতে পারে ৬ লাখ টাকা!

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ছাড়াতে পারে ৬ লাখ টাকা!
ছবি: বাসস

প্রযুক্তি খাতের শেয়ারবাজারে ব্যাপক দরপতন, বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর জোরালো প্রত্যাশায় মার্কিন বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পতন হয়েছে। টানা দরপতনের ফলে চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা এবং বাজার থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান এই দুই ধাতুর বাজারদরে।

শনিবার (২১ নভেম্বর) সর্বশেষ লেনদেন অধিবেশন শেষে বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি (প্রায় ৩ হাজার ৫৩৮ ডলার) নেমে আসে। আগের দিনের লেনদেনের তুলনায় প্রতি আউন্সে স্বর্ণের দাম কমেছে ৮৬ দশমিক ৩০ ডলার বা ২ দশমিক ৩৮ শতাংশ (এক পর্যায়ে লেনদেনে দাম ৩ হাজার ৫০২ ডলার পর্যন্ত নেমেছিল)। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর অর্থাৎ গত ১৪ মাসের মধ্যে এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে প্রায় ৪ শতাংশ।

Advertisement

সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস ও মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী, স্বল্প মেয়াদে উচ্চ সুদের হার ও শক্তিশালী ডলারের চাপে স্বর্ণের দাম আরও কিছুটা দুর্বল থাকতে পারে। তবে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা, মুদ্রাস্ফীতির সম্ভাব্য হ্রাস ও ভবিষ্যতে সুদের হার কমার প্রত্যাশায় ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫০ থেকে ৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৭৭ হাজার ৪১১ থেকে ৬ লাখ ২০ হাজার ৮৭২ টাকা) পৌঁছাতে পারে।

স্বর্ণের সাম্প্রতিক দরপতনের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সম্ভাব্য মুদ্রানীতি। মার্কিন শ্রমবাজার প্রত্যাশার চেয়ে শক্তিশালী থাকায় ও মুদ্রাস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ডলারের বিনিময়মূল্য ও মার্কিন বন্ডের প্রকৃত মুনাফা বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে, যা স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমিয়ে দিচ্ছে।

ইউবিএসের সাম্প্রতিক বিশ্লেষণেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংস্থাটির কৌশলবিদদের মতে, শক্তিশালী শ্রমবাজার ও প্রত্যাশার চেয়ে বেশি মুদ্রাস্ফীতি ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে জোরালো করেছে। বিশেষ করে আগামী ডিসেম্বরে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাসহ ফেড কর্মকর্তাদের কঠোর অবস্থান স্বর্ণের বাজারে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

ইউবিএসের মতে, স্বর্ণের দামে গুরুত্বপূর্ণ কারিগরি সহায়তার স্তর রয়েছে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি। এ স্তর ধরে রাখতে না পারলে বাজারে আরও দরপতনের ঝুঁকি তৈরি হতে পারে। তবে ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত বাজারে চাপ অব্যাহত থাকার পর পরিস্থিতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সও স্বল্প মেয়াদে স্বর্ণের বাজার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটির অর্থনীতিবিদদের প্রত্যাশা, ফেড চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের মার্চে দুই দফায় ২৫ বেসিস পয়েন্ট করে সুদের হার বাড়াতে পারে। এতে পশ্চিমা দেশগুলোর বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) চাহিদা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্বল্প মেয়াদে চাপ থাকলেও দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম বাড়ার পেছনে বেশ কয়েকটি কাঠামোগত কারণ দেখছে ইউবিএস ও গোল্ডম্যান স্যাক্স। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা। বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা এবং ডলারের ওপর নির্ভরতা কমানোর কৌশল থেকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুত বাড়াচ্ছে।

গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি মাসে গড়ে ৬০ টন স্বর্ণ কিনতে পারে। ২০২২ সালের আগে এ পরিমাণ ছিল মাসে গড়ে ১৭ টন। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকগুলোর সম্ভাব্য মাসিক ক্রয় আগের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি হতে পারে।

প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয়েছে, ২০২২ সালে রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ হওয়ার পর থেকে, বিশেষ করে উদীয়মান অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ কেনার গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এ প্রবণতায় চীন অন্যতম গুরুত্বপূর্ণ ক্রেতা। গোল্ডম্যানের হিসাব অনুযায়ী, দেশটির মোট রিজার্ভের প্রায় ১১ দশমিক ৮ শতাংশ স্বর্ণ। ভবিষ্যতে এ অংশ ২০ শতাংশে পৌঁছানোও যুক্তিসংগত বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

তবে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার গতিতে কিছুটা ধীরগতি দেখা গেছে। তিন মাসের মৌসুমি সমন্বিত হিসাবে সেপ্টেম্বরে এ ক্রয়ের পরিমাণ আগস্টের ৮৫ টন থেকে কমে ৫১ টনে নেমেছে। যদিও স্বর্ণের দাম স্থিতিশীল হলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনাকাটা আবার বাড়বে বলে আশা করছে গোল্ডম্যান স্যাক্স।

অন্যদিকে ইউবিএস মনে করছে, ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি ধীরে ধীরে স্থিতিশীল হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমে আসবে। এতে ফেডের সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তা কমবে। প্রথমে সুদের হার বাড়ানো বন্ধ এবং পরবর্তী সময়ে তা কমানোর সুযোগ তৈরি হতে পারে। সুদের হার কমলে ডলারের শক্তি ও বন্ডের প্রকৃত মুনাফায় চাপ তৈরি হবে, যা স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ বাড়াবে। এ ছাড়া বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, সরকারি ঋণ ও বাজেট ঘাটতি বৃদ্ধি এবং ভূরাজনৈতিক অস্থিরতাও স্বর্ণের দীর্ঘমেয়াদি চাহিদাকে সমর্থন দেবে।

ভবিষ্যৎ দাম নিয়ে দুই প্রতিষ্ঠানের পূর্বাভাসে ইতিবাচক অবস্থান থাকলেও লক্ষ্যমাত্রায় কিছুটা পার্থক্য রয়েছে। ইউবিএসের পূর্বাভাস তুলনামূলক বেশি আশাবাদী। প্রতিষ্ঠানটি মনে করছে, ২০২৭ সালের মার্চে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২০০ ডলার, জুনে ৪ হাজার ৬০০ ডলার এবং সেপ্টেম্বরে ৪ হাজার ৮০০ ডলারে পৌঁছাতে পারে। বছরের শেষ নাগাদ তা ৫ হাজার ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গোল্ডম্যান স্যাক্স ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫০ ডলারের পূর্বাভাস দিয়েছে, যা অক্টোবরের গড় বাজারদর ৪ হাজার ১০০ ডলারের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। অর্থাৎ বর্তমান ৩ হাজার ৫৩৭ দশমিক ৯০ ডলারের বাজারদর থেকে ইউবিএসের ৫ হাজার ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে দাম বাড়তে হবে প্রায় ৪১ শতাংশ এবং গোল্ডম্যান স্যাক্সের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে বাড়তে হবে প্রায় ৩১ শতাংশ।