logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বাণিজ্য-অর্থনীতিতে নতুন সম্ভাবনা, প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বৈঠক

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনিফ্রান্স
বাণিজ্য-অর্থনীতিতে নতুন সম্ভাবনা, প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বৈঠক
প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বৈঠক। ছবি: এশিয়া পোস্ট।

বাংলাদেশ ও ফ্রান্সের অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি আরও সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার (০১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্য বৈঠক। ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দপ্তরে ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ইউরোপের সঙ্গে বাংলাদেশের সামগ্রিক বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এ দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীরের নেতৃত্বে বাংলাদেশের তৈরি পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতের ২২ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।

Advertisement

ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর জাঁনা মার্টিনের পরিচালনায় এবং সংগঠনের সহ-সভাপতি ফখরুল আকম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মাহারুল ইসলাম মিন্টু, খন্দকার রূহুল আমিন, লুবনা ইয়াছমিন শম্পা, ফারহানা আফরোজ পলি, মো. কামরুজ্জামান, তাপস বড়ুয়া রিপন এবং খান নূরে আলম সিদ্দিকীসহ এফবিসিসিআই ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ গুরুত্ব পায় ফ্রান্সসহ সমগ্র ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রবেশাধিকার সহজীকরণ, যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ।

ফ্রান্সে রাষ্ট্রদূত পদে আরও ১৫ মাস থাকছেন খন্দকার তালহা

বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও পরিবর্তিত ইউরোপীয় শুল্ক কাঠামোর প্রেক্ষাপটে ফ্রান্স ও বাংলাদেশের আমদানি-রপ্তানি সম্পর্ক আরও গতিশীল করা জরুরি। এ সময় ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহ-সভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় নিশ্চিত করতে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফ্রান্সে ই-পাসপোর্টে প্রবাসীদের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ

অন্যদিকে, এফবিসিসিআই প্রতিনিধি দলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যবসায়িক জোটের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

ব্যবসায়িক নেতারা আশা প্রকাশ করেন, প্যারিস সফর এবং এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ফ্রান্সসহ ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বৈঠক শেষে আগত অতিথিরা ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সৌজন্যে আয়োজিত বিশেষ গালা ডিনারে অংশ নেন।