logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

তিন হাজার কোটি টাকার বেশি অর্ডার অন্য দেশে সরে গেছে: বিজিএমইএ

তিন হাজার কোটি টাকার বেশি অর্ডার অন্য দেশে সরে গেছে: বিজিএমইএ
বিজিএমইএ এর লোগো। বিজিএমইএ’র ওয়েবসাইট থেকে নেওয়া

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও উৎপাদন বিঘ্নের কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতি হয়েছে প্রায় ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। একই সময়ে বিদেশি ক্রেতারা প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ১৫৪ কোটি ৩ লাখ টাকা প্রায়) নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের পরিমাণ প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক।

রোববার (২২ ন‌ভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটির জরুরি ভিত্তিতে পরিচালিত এ জরিপে ১-১৮ নভেম্বর পর্যন্ত ৩১৭টি সদস্য কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

Advertisement

জরিপের তথ্য অনুযায়ী, অস্থিরতার কারণে কারখানাগুলো সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে একদিকে উৎপাদন ব্যাহত হয়েছে, অন্যদিকে সময়মতো পণ্য রপ্তানি করতে না পারায় ক্রয়াদেশ ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে।

বিজিএমইএ জানিয়েছে, উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন ঝুঁকির মুখে। ক্রয়াদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও কোথাও ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে সরাসরি ক্রয়াদেশ বাতিলের চাপও তৈরি হয়েছে।

সংগঠনটির মতে, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ পোশাকশিল্পের প্রকৃত ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নয়। বিজিএমইএর হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। তবে স্বল্প সময়ের মধ্যে জরিপ পরিচালনা করায় মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

এ ছাড়া ১৮ নভেম্বরের পরও শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান সংকটের প্রভাব শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার ঘটনা এ পরিস্থিতিরই প্রতিফলন।

বিজিএমইএ বলছে, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ করা পোশাকশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে ক্রেতারা বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহের সিদ্ধান্ত নিতে পারেন। ফলে একবার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলে তা আবার ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত সংকট কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ এবং কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট