আজও ব্যাংক খোলা, লেনদেন চলবে যতক্ষণ

কোরবানির ঈদ উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। ফলে ঈদের আগে অতিরিক্ত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবারও (২৩ মে) দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা শনিবার (২৩ মে) এবং রোববার (২৪ মে) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। গ্রাহকরা এ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিয়মিত লেনদেন করতে পারবেন। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
এ ছাড়া টানা ছুটির মধ্যে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালাবে। এই দুদিন ব্যাংকগুলোতে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটিকালেও (ঈদের দিন ছাড়া) সীমিত আকারে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ছুটিকালীন সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।



