নতুন প্রক্রিয়ায় পদ্মা ব্যাংক, আপাতত বসছে না প্রশাসক

দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে উঠতে না পারায় পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতা আনা হয়েছে। তবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। এতে ব্যাংকটির দৈনন্দিন কার্যক্রম ও গ্রাহকসেবা আগের মতোই চালু থাকবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক দশকের বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্যসংকট ও সুশাসনের ঘাটতির কারণে পদ্মা ব্যাংক পুঞ্জীভূত আর্থিক দুর্বলতার মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান এবং তারল্যসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার পরও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই উন্নতি হয়নি।
এ অবস্থায় ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা এবং কার্যকর হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে রেজল্যুশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর বিধান অনুযায়ী, পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজল্যুশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকটির সংকট উত্তরণ এবং আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা জোরদার করার লক্ষ্য রয়েছে।
তবে রেজল্যুশনের আওতায় নেওয়া হলেও আপাতত ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা সুদৃঢ় করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।


