আট দফায় স্বর্ণের দাম কমলো সাড়ে ২৮ হাজার টাকা, এখন ভরি কত

দেশের বাজারে টানা আট দফা স্বর্ণের দাম কমানো হয়েছে। আজ শুক্রবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এর আগে বুধবার কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া গত ১৪ নভেম্বর সকালে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। অপরদিকে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে টানা আট দফায় স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল ১২ হাজার ১২ টাকা।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৫ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের দাম কমানোর সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮০ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৩৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে বাকি ৪৪ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।






