logo

টানা দুই দফা কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা দুই দফা কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
বিক্রির জন্য সাজিয়ে রাখা স্বর্ণের গহনা। ছবি: বাসস

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ওঠানামা করছে। সে হিসেবে দেশের বাজারে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।

দেশের বাজারে সর্বশেষ দুই দফা স্বর্ণের দাম কমেছে। সর্বশেষ সোমবার (২৮ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) একই মানের স্বর্ণের দাম কমানো হয়েছিল ১ হাজার ৬৯১ টাকা। অর্থাৎ দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট কমেছে ৩ হাজার ৮৪৯ টাকা।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। তখন নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৭৯৯ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বদল ও পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।