logo

নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মিজানুর জামায়াত এমপির জামাতা

নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মিজানুর জামায়াত এমপির জামাতা
নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান। ছবি: ডিএমপি

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পশ্চিম মাটিকাটায় নিজের বাসা থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার এ এফ এম আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির এই কর্মকর্তা জানান, মিজানুরকে গ্রেপ্তারের সময় সংসদ সদস্য আব্দুল গফুরও বাসায় উপস্থিত ছিলেন। মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

মিজানুর নিউ গিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে দুজনকে ডিবি এবং পাঁচজনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা ও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।