logo

প্রতি উপজেলার ১০ জন পাচ্ছেন ১০ লাখ ঋণ, তালিকায় যাদের নাম

প্রতি উপজেলার ১০ জন পাচ্ছেন ১০ লাখ ঋণ, তালিকায় যাদের নাম
প্রতীকী ছবি।

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে নতুন ব্যবসা গড়ে তুলতে তরুণদের আর্থিক সহায়তা দিতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে তাদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

Advertisement

‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের আটটি জেলার ৬৪টি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করা হয়েছে। নির্বাচিত জেলাগুলো হলো ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর।

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা জামানত ছাড়াই সহজ শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পেতে পারেন। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সর্বোচ্চ আরও ১০ লাখ টাকা অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। ফলে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে একজন উদ্যোক্তার জন্য মোট ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ থাকছে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে দেওয়া হবে।

তবে এই অর্থ নির্ধারিত ব্যবসায়িক কাজে ব্যবহার করতে হবে এবং ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শর্ত ভঙ্গ করলে বা ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও ঋণ হিসেবে বিবেচিত হবে। সে ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ওই অর্থ আদায় করা হবে।

কর্মসূচিতে আবেদনের জন্য তরুণের বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধার জন্য বিবেচিত হবেন না।

এ কর্মসূচিতে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য ও পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ই-কমার্স, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবসাও অগ্রাধিকার তালিকায় রয়েছে।

প্রথম ধাপে নির্বাচিত আটটি জেলার বাইরে দেশের বাকি ৫৬টি জেলার উপজেলাগুলোতে এখনো আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী তরুণেরা বাংলাদেশ ব্যাংক, এসএমই পোর্টাল অথবা যে কোনো তপশিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নিজ উপজেলার যে কোনো ব্যাংক শাখায় জমা দেওয়া যাবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট