logo

মে মাসে রেমিট্যান্স এলো সাড়ে ৩ বিলিয়ন ডলার, বাড়ল রিজার্ভ

মে মাসে রেমিট্যান্স এলো সাড়ে ৩ বিলিয়ন ডলার, বাড়ল রিজার্ভ
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিরা এ বছরের মে মাসে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে।

সোমবার (১ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৩৪ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৭৫৬ দশমিক ৭৮ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৭ হাজার ৫০৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৯.০৯ শতাংশ বেশি।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর ফলে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.১১ বিলিয়ন মার্কিন ডলার।