logo

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: এশিয়া পোস্ট

লাইসেন্সবিহীন ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মের বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক সতর্কবার্তায় এসব প্ল্যাটফর্মে লেনদেন না করার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা দেওয়া ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ আইনের ৪(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না। একই আইনের ৩৭(১) ধারায় এ অপরাধের শাস্তির বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়া এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে বলে জানানো হয়েছে।

কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত ও আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা এবং এসব প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা প্ল্যাটফর্মগুলো হলো— BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay / CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto, PipraPay।