logo

নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

নাটোরে সোনালী ব্যাংকের পুরাতন বাসস্ট্যান্ড শাখায় জালিয়াতি করে এক কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাৎ, ভুয়া ঋণপত্র তৈরি ও অতিরিক্ত আমানত বৃদ্ধিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় চার শাখা ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযুক্তদের স্ব স্ব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সোনালী ব্যাংকের প্রধান শাখায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে শাখা ব্যবস্থাপক লিটন কুমার ও বিপ্লব কুমার পালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে দেশের সব ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের ভিজিল্যান্স অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশন থেকে নাটোর ও নওগাঁর প্রধান শাখায় পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

অভিযোগ পত্রে জানা যায়, সোনালী ব্যাংকের নাটোর শহরের বাসস্ট্যান্ড শাখা, স্টেশন বাজার শাখা, গুরুদাসপুর এবং চাঁচকৈড় শাখায় অভ্যন্তরীণ এবং বিশেষ অডিট পরিচালনা করে ব্যাংক কর্তৃপক্ষ। এতে শহরের সোনালী ব্যাংক বাসস্ট্যান্ড শাখার সাবেক শাখা ব্যবস্থাপক বর্তমানে নওগাঁর প্রিন্সিপাল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার লিটন কুমার জালিয়াতি করে ব্যাংকের ৯২ লাখ ৭ হাজার টাকা এবং বাসস্ট্যান্ড শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার, বর্তমানে নওগাঁর টিটিডিসি শাখা ব্যবস্থাপক বিপ্লব কুমার পাল ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাৎ করে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ভুয়া ঋণপত্র, অতিরিক্ত আমানত বৃদ্ধিসহ নানা অভিযোগ আনা হয়েছে। অডিটে নাটোর স্টেশন বাজার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক, বর্তমানে প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এএইচএম রোকনুজ্জামান ৪৭ লাখ ৩৬ হাজার টাকার ভূয়া ঋণ ও অতিরিক্ত আমানত বৃদ্ধি, একই অভিযোগে গুরুদাসপুর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক, বর্তমানে প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামান ৭৭ লাখ ৯৯ হাজার টাকা এবং চাঁচকৈড় শাখার সাবেক শাখা ব্যবস্থাপক, বর্তমানে বড়াইগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমান ২ কোটি ৮৮ লাখ টাকার ভুয়া ঋণ ও অতিরিক্ত আমানত বৃদ্ধি দেখিয়ে সেরা শাখা ব্যবস্থাপক হওয়ার পাশাপাশি ব্যাংকের ক্ষতিসাধন করেছে। এ অবস্থায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকটি। এছাড়া পুরাতন বাসস্ট্যান্ড শাখার সাবেক শাখা ব্যবস্থাপক লিটন কুমার এবং বিপ্লব কুমার পালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোনালী নাটোর প্রধান শাখার এজিএম ইনচার্জ আহসান রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়ে দেন ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন না।