ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, পর্যবেক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালনকালে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন। ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ প্রদান করবেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ।
কেন্দ্রীয় ব্যাংকের আশা, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে জনমনে আস্থা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে বিশেষ সহায়ক হবে।
