‘ডাইনিংয়ে কাজ করলেও নিজের পড়াশোনা বাদ দিইনি’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের আবাসিক শিক্ষার্থীদের কাছে পরিচিত মুখ জয়নাল আবেদীন নাঈম ওরফে নাঈম ভাই। হল ডাইনিংয়ে কাজের পাশাপাশি হাটহাজারী সরকারি কলেজ থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেছেন তিনি।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তিনি সমাজবিজ্ঞান বিভাগ থেকে সিজিপিএ ২.৭৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। জীবিকার তাগিদে চবির আলাওল হলের ডাইনিংয়ে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ শুরু করেন। আবাসিক শিক্ষার্থীরাই ছিল তার অনুপ্রেরণা। পরীক্ষার মৌসুমে ডাইনিংয়ে কাজ সেরেই বাসায় ফিরে পড়তে বসতেন।
আলাওল হল সংসদের ভিপি রাকিব মাহমুদ বলেন, ডাইনিংয়ে কাজ করার পাশাপাশি নাঈম ভাইয়ের স্নাতক ডিগ্রি অর্জন শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের প্রিয় আলাওল হলেরও একটি গর্বের অর্জন। জীবনের প্রতিকূলতাকে পেছনে ফেলে পরিশ্রম ও আত্মসম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার এই গল্প আমাদের সবার জন্য অনুপ্রেরণার। নাঈম ভাইয়ের এই অর্জন প্রমাণ করে যে কাজ কখনো মানুষকে ছোট করে না।
মো. জয়নাল আবেদীন নাঈম বলেন, ডাইনিংয়ে কাজ করলেও নিজের পড়াশোনা বাদ দিইনি। পরীক্ষার সময় একটু কষ্ট হতো। কাজ শেষে ফিরতেই ক্লান্ত হয়ে পড়তাম। তারপরও মনে হতো, পড়াশোনাটা শেষ করতেই হবে। আজ ফলাফল হাতে পেয়ে মনে হচ্ছে আমার কষ্টটা সার্থক হয়েছে। আমার একটি সন্তান আছে। পরিবারের কথা চিন্তা করলে নিজের মধ্যে দায়িত্ববোধটা আরও বেড়ে যায়। এখন আমি শুধু নিজের জন্য স্বপ্ন দেখি না, আমার সন্তানকে ঘিরেই আমার সব স্বপ্ন। ওর ভবিষ্যৎ যেন ভালো হয়, ও যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।



