logo
Advertisement

বেরোবিতে মিড পরীক্ষায় অনুপস্থিত থাকলে জরিমানা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, বেরোবি
বেরোবিতে মিড পরীক্ষায় অনুপস্থিত থাকলে জরিমানা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অসুস্থতার কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত থাকলেও শিক্ষার্থীদের জরিমানা দিয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসুস্থতাজনিত কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরা বিভাগের সুপারিশক্রমে নির্ধারিত জরিমানা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা দিয়ে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পাবেন। সিদ্ধান্তটি ১ জুলাই ২০২৬ থেকেই কার্যকর হয়েছে। এতে স্নাতক পর্যায়ে ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অসুস্থতার মতো অনাকাঙ্ক্ষিত কারণে পরীক্ষায় অনুপস্থিত হওয়ার পরও উচ্চ অঙ্কের জরিমানা আরোপ করা শিক্ষার্থীদের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করবে।

বেরোবি শিক্ষার্থী সাইমন সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং তাদের সমস্যাগুলো বোঝা। শাস্তি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত করা সহজ হলেও তাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত দায়িত্ব। দিনদিন বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীবান্ধব হওয়ার পরিবর্তে শিক্ষকবান্ধব হয়ে উঠছে।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আহমাদুল হক আলবির বলেন, অসুস্থতাজনিত কারণে মিড পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে জরিমানার সিদ্ধান্ত একধরনের জুলুম। এই সিদ্ধান্ত বাতিল হওয়া উচিত। পাশাপাশি মনে করি, যদি অন্য কোনো কারণে মিড পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তখন সামান্য জরিমানার ব্যবস্থা রাখা যেতে পারে। তবে অবশ্যই জরিমানার টাকা শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করতে হবে।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন জানান, এই সিদ্ধান্ত কার্যকর করার আগে প্রতিটি বিভাগের নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার থাকা প্রয়োজন। সেখানে সেমিস্টারের শুরুতেই ক্লাস, মিড ও ফাইনাল পরীক্ষার সময়সূচি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ ইয়ামিন জানান, অনেক বিভাগে মিড উইক নেই। শিক্ষকরা নিজেদের মন মত পরীক্ষা নেয়। এমন অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষা মিস করে সেখানে জরিমানা করা অযৌক্তিক এবং জুলুম।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সভাপতি রাকিব মুরাদ বলেন, অসুস্থতায় মিড সেমিস্টারে অনুপস্থিত থাকলে জরিমানাকে আমরা শিক্ষার্থী পরিপন্থি সিদ্ধান্ত মনে করছি। শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ সৃষ্টি না করে পরীক্ষায় অনুপস্থিতির ক্ষেত্রে যৌক্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে কখনোই মেনে নেবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এশিয়া পোস্টকে জানান, জরিমানা করাটাই আসলে মুখ্য বিষয় নয়। অকারণে বা ভিত্তিহীন অজুহাতে শিক্ষার্থীদের মধ্যে মিড সেমিস্টার পরীক্ষা মিস করার প্রবণতা অনেক বেড়ে গেছে। শিক্ষার্থীরা যে হারে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত থাকে, সেই তুলনায় ফাইনাল পরীক্ষায় অনুপস্থিত থাকে না। এই নিয়ম আরোপের মাধ্যমে পরীক্ষা এড়িয়ে যাওয়ার প্রবণতা কমবে।