logo

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৩ ছাত্রদল নেতা বহিষ্কার
সাংবাদিকদের ওপর হামলায় রাবি শাখা ছাত্রদল থেকে বহিষ্কৃত তিন নেতা আহসান হাবিব, হাসিব হাসান ও বিশাল চক্রবর্তী (বাঁ থেকে)। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও ছয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোমবার (৫ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং প্রাথমিক সদস্য বিশাল চক্রবর্তী।

অন্যদিকে শোকজ পাওয়া ছয়জন হলেন সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, শরিফুল ইসলাম, বুলবুল রহমান, ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম ও কর্মী সাজু।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এসব সিদ্ধান্ত ও নির্দেশনা অনুমোদন করেন।