২৪ ঘণ্টায় দুই শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত চবি

২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত হয়ে এবং অন্যজন রাঙামাটির কর্ণফুলী নদীতে ডুবে মারা গেছেন। পরপর দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক বিদায়ে বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোক।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে সাজিদ শাহারিয়ার সানমের (২৪) মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান।
এর আগে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চাঁদপুরে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন অনিক চন্দ্র দাস (২৪)।
সাজিদ শাহারিয়ার সানম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং অনিক চন্দ্র দাস শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন অনিক। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসা শেষে সম্প্রতি তিনি দেশে ফিরে চাঁদপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, রোববার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কাপ্তাইয়ের সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে সানমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজিদ শাহারিয়ার সানম নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
এ বিষয়ে সানমের বন্ধু সাইফুল ইসলাম জানান, তারা ৯ জন রাঙামাটির কাপ্তাইয়ে সকালে সীতার পাহাড়ে ওঠেন। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামার পর মুহূর্তের মধ্যে সানম পানিতে পড়ে যায় এবং নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।
এ ঘটনায় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে কাজ করছিল। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, আমরা তার নিখোঁজের খবর পেয়েছিলাম। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা। ডুবুরি দল সেখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে তাকে তুলে নদী থেকে তুলে এনেছে বলে জানা গেছে।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন জানান, দুটি তরুণ প্রাণকে একসঙ্গে হারানো একটা অপূরণীয় ক্ষতি। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি। তারা যেন পরকালে ভালো থাকে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান এশিয়া পোস্টকে জানান, মাত্র এক দিনের ব্যবধানে আমরা বিশ্ববিদ্যালয়ের দুজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। আমরা খুবই শোকাহত, বিশ্ববিদ্যালয় পরিবার তাদের আত্মার মাগফেরাত কামনা করছে।
চলতি মাসের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আরিফুল ইসলাম ইন্তেকাল করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী।
