চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এর ফলে স্তব্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের মূল দাবি—অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহাল করা। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশ ঠেকানোর ঘোষণাও দিয়েছেন তারা।
এদিকে শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে আনুষ্ঠানিক একাত্মতা প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই একাত্মতা জানানো হয়।
শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক চুয়েটের উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত জারীকৃত প্রজ্ঞাপনসমূহ অনতিবিলম্বে প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ভিসি পদে পুনর্বহাল করতে হবে।
এর আগে সোমবার রাতে ভিসি অপসারণের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিল শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অচল অবস্থা বা ‘শাটডাউন’ ঘোষণা করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক আন্দোলন ও শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকনেতৃবৃন্দ।
