Advertisement

জবিতে প্রথমবারের মতো ‘এআই ও আইটি ফেস্ট’ ৩০ আগস্ট

এশিয়া পোস্ট নিউজ, জবি
জবিতে প্রথমবারের মতো ‘এআই ও আইটি ফেস্ট’ ৩০ আগস্ট
‎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির পক্ষ থেকে ফেস্টে অংশগ্রহণে আগ্রহী করতে বসেছে অস্থায়ী টেন্ট। ছবি: এশিয়া পোস্ট

তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিনির্ভর গবেষণায় বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রযুক্তির শীর্ষ চূড়ায় পৌঁছে দেওয়ার আশাবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেএনইউ এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’। আগামী ৩০ আগস্ট দিনব্যাপী এই উৎসব বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই প্রযুক্তি উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ আগস্টের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকরা জানান, এই মেগা ইভেন্টটি তরুণদের নিজেদের উদ্ভাবন তুলে ধরা এবং ইন্ডাস্ট্রির শীর্ষ বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সারা দেশে ছড়িয়ে থাকা তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে এই উৎসবে থাকছে ওয়েব, অ্যাপ ও এআই প্রজেক্টের প্রদর্শনী ব্রেইনচাইল্ড সিজন ২.০, এআইভিত্তিক বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা–এআই অ্যাডভেঞ্চার, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে–এআই অ্যান্ড আইটি অলিম্পিয়াড এবং কারিগরি সেবার জন্য –টেককেয়ার জোন। এ ছাড়া দেশসেরা প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণে থাকছে–টেক আনকাট নামের বিশেষ কনফারেন্স।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে উৎসবের নানা সম্ভাবনার দিক উপস্থাপন করে আয়োজকরা বলেন, প্রথম আয়োজনের এই ফেস্ট তরুণদের নতুন চিন্তাধারা ও প্রযুক্তিগত সম্ভাবনাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশাবাদী।

জবি আইটি সোসাইটির সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।