মেধার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক মানুষ হতে হবে: ইউজিসি চেয়ারম্যান

মেধার পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীন শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
শনিবার (২৯ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি অত্যন্ত প্রতিযোগিতামূলক। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, তারা মেধাবীদের মধ্যে মেধাবী। ভর্তির মাধ্যমে যে স্বপ্ন পূরণের যাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। মানুষ স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হয় না। নিজেদের স্বপ্ন পূরণে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছ। অর্জিত জ্ঞান, মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশ ও সমাজকে আলোকিত করতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ ও অবকাঠামো রয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। জীবনে ব্যর্থতা বা হতাশা এলে নিজের সক্ষমতার ওপর আস্থা রেখে সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং আবার উঠে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যুক্তিনির্ভর মুক্তচিন্তা ও মতপ্রকাশের সুযোগ থাকতে হবে। তবে নিজের মতপ্রকাশের সময় অন্যের অধিকার, মর্যাদা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অধিকার ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রেখে স্বাধীনতার চর্চা করতে হবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইউজিসির মনোযোগ রয়েছে। আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধাপে ধাপে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।



