রাবিতে ছাত্রলীগের সাবেক সদস্যকে পেটাল ছাত্রদল, ৪ ঘণ্টা অবরুদ্ধ প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের সাবেক সদস্য অভিযোগে এক শিক্ষার্থীকে কক্ষ থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা হলের প্রভোস্ট কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ সময় দফায় দফায় উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের নিজ কক্ষ থেকে দেবজয় সরকারকে ডেকে নিয়ে মারধর করা হয়।
ভুক্তভোগী দেবজয় সরকার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে তিনি হল শাখা ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন। তবে হলের আসন পাওয়ার জন্যই ছাত্রলীগে যোগ দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেবজয় হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এ সংক্রান্ত প্রমাণও তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তারা।
দেবজয় সরকার বলেন, ‘আমি প্রথম বর্ষে সিট পাওয়ার জন্য ছাত্রলীগে জয়েন করেছিলাম। তবে আমাকে যে পদ দেওয়া হয়েছিল, সেটাও আমি জানতাম না। আমি চার বছর ধরে এই হলে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানেও নিজে আন্দোলন করেছি। দুই বছর পর আজ তারা আমাকে রুম থেকে ডেকে নিয়ে অকারণে মারধর করেছে। আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’
মারধরের পর দেবজয়কে হলের অতিথিকক্ষে (গেস্টরুম) নিয়ে যাওয়া হয়। ঘটনা জানাজানি হলে হল ও অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দেবজয় ও ছাত্রদলের কয়েকজন নেতাকে হলের প্রভোস্ট কক্ষে নেওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, ভিডিও ফুটেজ তৈরির উদ্দেশ্যে দেবজয়কে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মারধর করা হয়েছে।
এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানান। দ্রুত ফুটেজ দেখানোর জন্য তারা প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানান। তবে হল প্রশাসন ও প্রক্টর জানান, রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কোনো কারিগরি কর্মী (টেকনিশিয়ান) উপস্থিত নেই। পরদিন সকালে ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হবে।
এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী প্রভোস্ট কক্ষের দরজা ভাঙার চেষ্টা করেন। প্রায় চার ঘণ্টা ধরে আলোচনা ও উত্তেজনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেওয়া হয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে প্রভোস্ট কক্ষ সিলগালা করে বিক্ষোভরত শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা তোমাদের কথা শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।





-1d81e8-720x405.webp)