logo

‘কাফন রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’, ওসিকে হুমকি

‘কাফন রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’, ওসিকে হুমকি
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম। ছবি : পুলিশের সৌজন্যে

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে পরিবার-পরিজনসহ বংশ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে। হোয়াটসঅ্যাপে পাঠানো একাধিক বার্তায় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। নম্বরটিতে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম ব্যবহার করা হয়েছে।

Advertisement

প্রথমে ওই নম্বর থেকে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। পরে ওসিকে উদ্দেশ করে বলা হয়, তিনি আগের কার্যক্রম চালিয়ে গেলে শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী বার্তাগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দেওয়া হয়।

একটি বার্তায় লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’

অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সবশেষে প্রাণনাশের হুমকি দিয়ে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এভাবে একাধিকবার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের বার্তা পাওয়ার পর নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে জিডি করেন ওসি আব্দুল হালিম।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোবাইল ফোনে তিনি বলেন, ‘থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কার্যক্রমে ছিলাম। ওই সময় মেসেজটি পাই।’

তিনি আরও বলেন, ‘সাধারণত দায়িত্ব পালন করতে গিয়ে একটি গোষ্ঠী আমাদের নানা প্রতিবন্ধকতা তৈরি করতে চায়। তবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। নম্বরটি দেশ থেকে ব্যবহার করা হতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনা বেশি। বিদেশি নম্বর হওয়ায় শনাক্ত করতে সময় লাগবে। আমি এসবে ভয় পাই না।’