logo

ধারাবাহিক হুমকিতে এনসিপিতে ‘চাপা আতঙ্ক’

ধারাবাহিক হুমকিতে এনসিপিতে ‘চাপা আতঙ্ক’
এনসিপির লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতা, সংসদ সদস্য এবং অঙ্গসংগঠনের নেতাদের ওপর সম্প্রতি ফোন, হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি এবং সরাসরি হামলার কয়েকটি ঘটনা ঘটেছে। এতে দলটিতে অস্বস্তি সৃষ্টি হয়েছে। বাইরে আতঙ্কিত না হওয়ার কথা জানালেও দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে। মৌলভীবাজারে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা ও গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর্যুপরি তাণ্ডবের পর এ আতঙ্ক বৃদ্ধি পেয়েছে।

দলটির নেতাদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠকদের দমিয়ে রাখতে এবং রাজনৈতিক অঙ্গনে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে একটি মহল পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে দেওয়া হুমকির বিষয়টি। তাকে গত ৯ দিন ধরে বিভিন্ন নম্বর থেকে হত্যা ও দেশে ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে।

মাহমুদা মিতুর ভাষ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে দেশি ও বিদেশি বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন এবং হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে তিনি জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সেখানে অবস্থানকালে একটি অচেনা নম্বর থেকে ফোন করে তাকে ‘টুকরা টুকরা করা হবে’ এবং ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ার’ হুমকি দেওয়া হয়।

ঘটনার সত্যতা তুলে ধরতে এনসিপির পক্ষ থেকে ওই ফোনালাপের একটি অডিও রেকর্ডও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এর আগে, এনসিপির সংরক্ষিত আসনের আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নুসরাত তাবাসসুমের অভিযোগ, বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। এর আগেও তিনি ফোনে হুমকি পেয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

হুমকির তালিকা থেকে বাদ যাননি দলটির সাবেক নেতারাও। এনসিপি থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন জানিয়েছেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে কল করে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ছাড়া নারী শক্তির অন্যান্য নেতৃবৃন্দকেও অনবরত হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছের দলটির নেতারা।

ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির পাশাপাশি মাঠপর্যায়ে সরাসরি হামলার ঘটনাও ঘটেছে। মৌলভীবাজারে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়, এতে তিনি গুরুতর আহত হন।

বারবার হামলা ও হুমকির ঘটনায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা চাপা উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

দলটির কেন্দ্রীয় নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থকরাই আড়াল থেকে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের অভাব এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনার কারণেই এমন ঘটনা বাড়ছে বলে মনে করছেন তারা। অবিলম্বে হুমকিদাতা ও হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

তেজগাঁও থানায় মাহমুদা মিতুর অভিযোগ

হুমকির ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ডা. মাহমুদা মিতু। তবে অভিযোগ জানাতে গিয়ে থানায় অপেক্ষমাণ থাকার সময়েও একটি বাংলাদেশি নম্বর থেকে তাকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

এসব ঘটনার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, আইনশৃঙ্খলার অবনতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ না নেওয়া, জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাসময়ে না করাসহ বেশকিছু বিষয়কে দায়ী করেন এ সংসদ সদস্য। তিনি বলেন, ‘বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হচ্ছে। সরকারের ব্যর্থতার কারণে একজন সংসদ সদস্য হিসেবে সংসদে বসে থেকেও আমাকে নিরাপত্তার জন্য থানায় আসতে হচ্ছে।’

মাহমুদা মিতু বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু না করায় অন্তর্বর্তী সরকারের সময় তারা যে সাহস পায়নি, নির্বাচিত সরকারের আমলে বিভিন্ন স্থানে কমিটি ঘোষণা ও নাশকতার মাধ্যমে এখন সেই ধৃষ্টতা দেখাচ্ছে। জুলাই আন্দোলনের কর্মীরা নিয়মিত হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন। ভারতের ভূখণ্ড ব্যবহার করে সেখান থেকে আসা কল ও উসকানিতে দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে।

এ সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় হাইকমিশনকে তলব করে এর জবাবদিহি চাওয়ার দাবি জানান।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত এশিয়া পোস্টকে বলেন, ‘যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব সরকার ও প্রশাসনের। কিন্তু এ ক্ষেত্রে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি সবসময় মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে আমাদের জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগর পর্যায়ের ইউনিটগুলো নিয়মিত মিছিল-মিটিং করছে এবং জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করছে। আপাতত আলাদা করে কেন্দ্রীয় কোনো কর্মসূচি না থাকলেও, পরিস্থিতি আরও নৈরাজ্যকর দিকে গেলে দলীয়ভাবে আলোচনা করে আমরা অবশ্যই কেন্দ্রীয় কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করব।’

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট