মারা গেলেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের ফুটবলার

পেলে, গারিঞ্চা, দিদি, জাগালোদের সঙ্গে বিশ্বজয়ের ইতিহাস গড়েছিলেন তিনি। ১৯৫৮ সালে সুইডেনের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। সেই ঐতিহাসিক দলের অন্যতম সদস্য ছিলেন দিনো সানি। প্রায় সাত দশক আগের সেই সোনালি প্রজন্মের আরেক সদস্য এবার চলে গেলেন না ফেরার দেশে। ৯৪ বছর বয়সে মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুতে ১৯৫৮ সালের বিশ্বকাপজয়ী দলের জীবিত সদস্যের সংখ্যা নেমে এসেছে মাত্র তিনজনে।
রোববার (১৫ নভেম্বর) শেষনিশ্বাস ত্যাগ করেন সানি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি। ২০২৪ সালে মারিও জাগালোর মৃত্যুর পর ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সবচেয়ে বয়স্ক জীবিত সদস্য ছিলেন সানি।
সাবেক এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। তিনি বলেন, ‘আমরা আমাদের প্রথম বিশ্বকাপজয়ীদের একজনকে হারিয়েছি। ১৯৫৮ সালে ব্রাজিলের ফুটবল ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করে গেছেন দিনো সানি। তার নাম সব সময় ব্রাজিলের কিংবদন্তিদের সঙ্গে উচ্চারিত হবে। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
১৯৩২ সালের ২৩ মে ব্রাজিলের সাও পাওলো শহরে জন্মগ্রহণ করেন সানি। ১৯৫০ সালে পালমেইরাসের হয়ে পেশাদার ফুটবলে পথচলা শুরু করেন তিনি। ক্যারিয়ারের শুরুতে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেললেও পরে রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। নিখুঁত পাস, খেলা বুঝে বলের দখল নেওয়া এবং দুর্দান্ত ফ্রি-কিকের জন্য পরিচিত ছিলেন তিনি।
বিশেষ করে সাও পাওলোতে খেলার সময় হাঙ্গেরিয়ান কোচ বেলা গুটমানের অধীনে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। গুটমান তাকে মাঝমাঠের আরও গভীরে খেলাতে শুরু করেন। নতুন ভূমিকায় সানি হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। ১৯৫৭ সালে সাও পাওলোকে রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতাতেও বড় ভূমিকা রাখেন তিনি।
সেই পারফরম্যান্সের সুবাদেই ১৯৫৮ সালের বিশ্বকাপ দলে জায়গা পান সানি। সুইডেনে অনুষ্ঠিত আসরে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে সেলেসাওরা। পরের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্রতেও মাঠে ছিলেন সানি।
তবে এরপরই দুর্ভাগ্য নেমে আসে তার ক্যারিয়ারে। সিবিএফের তথ্য অনুযায়ী, পেশির চোটে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান তিনি। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পান জিতো। সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে তৃতীয় ম্যাচ থেকে ব্রাজিলের মাঝমাঠের দায়িত্ব সামলান নতুন এই ফুটবলার।
জিতোকে নিয়ে এরপর একে একে সোভিয়েত ইউনিয়ন, ওয়েলস ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। বিশ্বকাপের শেষ চার ম্যাচ মাঠে না থাকলেও সেই ঐতিহাসিক সাফল্যের অংশ ছিলেন সানি।
ব্রাজিলের জাতীয় দলের হয়ে সব মিলিয়ে ২৪ ম্যাচ খেলার হিসাব দিয়েছে সিবিএফ। এর মধ্যে ১৬টিতে জয়, চারটিতে ড্র এবং চারটিতে হেরেছে ব্রাজিল। জাতীয় দলের জার্সিতে চারটি গোলও করেন এই মিডফিল্ডার। বিশ্বকাপ ছাড়াও ১৯৫৮ সালের তাসা অসওয়ালদো ক্রুজ, ১৯৫৯ সালের তাসা বার্নার্দো ও'হিগিন্স এবং ১৯৬০ সালের কোপা রোকা জয়ের অংশ ছিলেন তিনি।
ক্লাব ফুটবলেও সানির অর্জন কম নয়। পালমেইরাস দিয়ে শুরু করে একসময় হয়ে ওঠেন সাও পাওলোর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ১৯৫৪ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৩২৪ ম্যাচে করেন ১১৩ গোল। এরপর আর্জেন্টিনার বোকা জুনিয়র্স হয়ে যোগ দেন ইতালির এসি মিলানে।
ইতালিয়ান ক্লাবটির হয়ে ১৯৬১-৬২ মৌসুমে সিরি আ শিরোপা জেতেন সানি। পরের মৌসুমে ইউরোপিয়ান কাপ জয়ের স্বাদও পান। ১৯৬৩ সালে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালের বেনফিকাকে ২-১ গোলে হারায় মিলান। বর্তমানে এই প্রতিযোগিতাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত।
মিলানের হয়ে খেলার সময় তাঁর সতীর্থ ছিলেন সেসারে মালদিনি ও জিয়ান্নি রিভেরার মতো কিংবদন্তিরা। মাঝমাঠে অসাধারণ খেলা পরিচালনার দক্ষতার জন্য ইতালিতে বিশেষ পরিচিতি পান সানি। ক্লাবটির ইতিহাসেও গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তাঁর।
১৯৬৫ সালে ব্রাজিলে ফিরে করিন্থিয়ান্সে যোগ দেন সানি। ক্লাবটির হয়ে ১৯৬৬ সালে রিও-সাও পাওলো টুর্নামেন্টের শিরোপা জেতেন। এরপর ১৯৬৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি।
তবে ফুটবল থেকে বিদায় নেননি সানি। পরের বছরই করিন্থিয়ান্সের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। এরপর ব্রাজিলের ইন্টারন্যাসিওনালের দায়িত্ব নিয়ে ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত টানা তিনবার রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতান। ১৯৮৩ সালে একই ক্লাবে ফিরে আরও একটি রাজ্য শিরোপা জয়ের স্বাদ পান তিনি।
A CBF lamenta profundamente o falecimento de Dino Sani, integrante da equipe campeã mundial em 1958, que conquistou a primeira estrela para o Brasil. Dino Sani deixa um legado de conquistas e uma história que será sempre lembrada pelo futebol brasileiro. Nossa solidariedade aos familiares, amigos e admiradores. Descanse em paz, campeão. 🖤
— brasil (@CBF_Futebol) November 16, 2026
ইন্টারন্যাসিওনালে তার গড়ে দেওয়া দলের ভিত্তির ওপর দাঁড়িয়েই পরবর্তী সময়ে ব্রাজিলের জাতীয় লিগে টানা দুটি শিরোপা আসে। ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার পাওলো রবার্তো ফ্যালকাওর বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সানির।
দেশের বাইরেও কোচিংয়ে সাফল্য পেয়েছেন তিনি। উরুগুয়ের পেনিয়ারোলকে ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুটি লিগ শিরোপা জেতান। এ ছাড়া বোকা জুনিয়র্স, ফ্ল্যামেঙ্গো, গ্রেমিও, পালমেইরাস, ফ্লুমিনেন্সসহ বেশ কয়েকটি বড় ক্লাবের দায়িত্ব পালন করেন। ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছিলেন কাতার জাতীয় দলের কোচও।
১৯৯২ সালে গ্রেমিওর দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ কোচিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটে সানির। ফুটবলের মাঠ থেকে দূরে থাকলেও ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসে তার নাম অমলিন ছিল।
২০২৪ সালের জানুয়ারিতে জাগালোর মৃত্যুর পর সানি ছিলেন ১৯৫৮ সালের বিশ্বকাপজয়ী দলের সবচেয়ে বয়স্ক জীবিত সদস্য। এবার তার মৃত্যুতে সেই দলের ২২ ফুটবলারের মধ্যে বেঁচে রইলেন মাত্র তিনজন। তারা হলেন পেপে, মোয়াসির ও মাজোলা। এই তিনজনের মধ্যে মাজোলাই কেবল সুইডেন বিশ্বকাপে মাঠে নেমেছিলেন।
